পাকিস্তানের ক্রিকেটারদের নেওয়া হবে না, এমন যে জল্পনা ছড়িয়েছে, তার বিরুদ্ধে সোচ্চার হল ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতার আট দল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে দেওয়া যৌথ বিবৃতিতে তারা জানিয়ে দিল, শুধুমাত্র জাতীয়তার ভিত্তিতে কোনও দেশের ক্রিকেটারকে বাদ দেওয়া চলবে না।
সম্প্রতি ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতার চারটি দল, ম্যাঞ্চেস্টার, লন্ডন, সাদার্ন ব্রেভ এবং লিডসের অংশীদারি কিনেছে ভারতের চারটি সংস্থা, যাদের আইপিএলে দল রয়েছে। শোনা গিয়েছে, নিজেদের দলে পাকিস্তানের কোনও ক্রিকেটার নিতে রাজি নয় তারা। আনুষ্ঠানিক ভাবে না বললেও ইংল্যান্ডের একাধিক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।
এই জল্পনার প্রেক্ষিতে ‘দ্য হানড্রেড’ এবং ইসিবি যৌথ বিবৃতিতে জানিয়েছে, ধর্ম, লিঙ্গ, বিশ্বাস, নাগরিকত্বের ঊর্ধ্বে উঠে ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতা শুরু করা হয়েছে নতুন দর্শক আনতে, ক্রিকেটের উন্নতি করতে এবং সকলে যাতে খেলার সঙ্গে একাত্মতা বোধ করতে পারেন তার জন্য। তাই জাতীয়তার ভিত্তিতে কাউকে বাদ দেওয়া যাবে না।
ইসিবি জানিয়েছে, যেহেতু তারা এই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্বে, তাই কোনও বৈষম্য যাতে না তৈরি হয় সেটা দেখা তাদেরই কর্তব্য। এর বিরুদ্ধে কড়া আইনও তৈরি করতে পারে তারা। দুই পক্ষেরই দাবি, ক্রিকেটীয় পারফরম্যান্সের ভিত্তিতেই দল তৈরি করা হোক।
উল্লেখ্য, সুপার এইটে ইংল্যান্ড ম্যাচের আগে পাকিস্তানের ওপেনার সাহিবজ়াদা ফারহান বলেছিলেন, “কারা আমাদের নেবে না নেবে সেটা আমাদের হাতে নেই। আমরা সিদ্ধান্ত নিতে পারি না। যদি কেউ আমাদের কেনে তা হলে তাদের হয়ে খেলতে রাজি। আমরা সকলেই ওই লিগে খেলতে চাই।”
আইপিএল মালিকদের দল রয়েছে অনেক দেশের ঘরোয়া লিগেই, যেখানে পাকিস্তানের ক্রিকেটারেরা ব্রাত্য। সেই প্রসঙ্গে ফারহান বলেছিলেন, “আপনি যাদের কথা বলেছেন তাদের সঙ্গে খেলতে আমরাও আগ্রহী নই। তবে আমার একটা আশা রয়েছে। সকলে সব লিগের হয়ে খেলতে চায়। দ্য হানড্রেড অন্যতম সেরা একটা লিগ। আশা করি ভালই হবে।”
পাকিস্তানের পুরুষ এবং মহিলা মিলিয়ে ‘দ্য হানড্রেড’-এ খেলার জন্য আবেদন করেছেন ৬৭ জন ক্রিকেটার। অতীতে মহম্মদ আমির, শাহিন আফ্রিদি, শাদাব খান এবং হ্যারিস রউফের মতো ক্রিকেটার ওই লিগে খেলেছেন।
আরও পড়ুন:
২০০৮-এর মুম্বই হামলার পর থেকে আইপিএলে কোনও পাকিস্তানি ক্রিকেটারকে নেওয়া হয় না। ২০২৩-এ শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার এসএটি২০ দলের মালিক ভারতীয় সংস্থাই। সেখানেও খেলেন না কোনও পাকিস্তানে ক্রিকেটার। একই ভাবে আমিরশাহির আইএলটি২০ লিগেও মুম্বই ফ্র্যাঞ্চাইজ়ির মালিকেরা কোনও পাকিস্তানি ক্রিকেটারকে সই করাননি।