Advertisement
E-Paper

‘সেমিফাইনালে ভারতকেই চাইছিলাম’, ওয়াংখেড়েতে সূর্যদের বিরুদ্ধে নামার আগে জানিয়ে দিলেন ব্রুক

এই নিয়ে পর পর তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। এখনও পর্যন্ত দু’দল এক বার করে জিতেছে। তৃতীয় বার বাজিমাত করবে কে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১১:০৪
cricket

হ্যারি ব্রুক। ছবি: রয়টার্স।

আরও এক বার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ড। এই নিয়ে পর পর তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি দু’দল। এখনও পর্যন্ত দু’দল এক বার করে জিতেছে। বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সূর্যকুমার যাদবদের বিরুদ্ধে নামার আগে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক জানিয়ে দিলেন, তাঁরা ভারতের বিরুদ্ধেই খেলতে চেয়েছিলেন।

ম্যাচের আগে ‘স্কাই স্পোর্টস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রুক বলেন, “আমরা তৈরি। শুনছি দলের অনেকেই বলছে, ওরা ভারতের বিরুদ্ধে খেলতে চাইছিল। সেমিফাইনালে ভারতকেই চাইছিলাম আমরা। দারুণ একটা ম্যাচ হবে। দু’দলের উপরেই প্রচণ্ড চাপ থাকবে।”

ব্রুক জানেন, ওয়াংখেড়ে স্টেডিয়ামে খুব একটা সমর্থন তিনি পাবেন না। তার জন্য তৈরিও রয়েছেন তাঁরা। ইংরেজ অধিনায়ক বলেন, “ভারত অবশ্যই অনেক বেশি সমর্থন পাবে। বিদেশের মাঠেই ওরা এত সমর্থন পায়, তো দেশের মাটিতে তো পাবেই। আমরা জানি, আমাদের হয়ে চিৎকার করার জন্য খুব বেশি লোক থাকবে না। তার মধ্যেই আমাদের ভাল খেলতে হবে। তার জন্য আমরা তৈরি।”

বাটলারেই আস্থা ব্রুকের

এ বারের বিশ্বকাপে খুব খারাপ ফর্মে রয়েছেন জস বাটলার। সাত ম্যাচে ৬২ রান করেছেন তিনি। ৮.৮৫ গড় ও ১০৬.৮৯ স্ট্রাইক রেটে রান করেছেন। শেষ পাঁচ ম্যাচে দুই অঙ্কেও পৌঁছোতে পারেননি। তার পরেও বাটলারের উপরেই আস্থা রয়েছে ব্রুকের।

ইংল্যান্ডের অধিনায়ক জানিয়েছেন, বাটলারের যা অভিজ্ঞতা রয়েছে তাতে তিনি অবশ্যই ফর্মে ফিরবেন। এখন সকলের উচিত বাটলারকে একা ছেড়ে দেওয়া। ব্রুক বলেন, “আমার মনে হয় জসকে একা ছে়ড়ে দেওয়া উচিত। ও ক্রিকেটের সেরা ব্যাটারদের মধ্যে এক জন। আমি জানি ও ভারতের বিরুদ্ধে ভাল খেলবে। বাকিরা তো ওর অভাব ঢেকে দিচ্ছে। আমাদের দলে প্রথম সাতে অনেক শক্তিশালী ব্যাটার রয়েছে। তাদের মধ্যে দু’-এক জন খেলে দিলেই খেলার ছবি বদলে যাবে।”

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে ৪৯ বলে ৮০ রান করে অপরাজিত ছিলেন বাটলার। ২০২৪ সালের সেমিফাইনালে ভারত আবার ৬৮ রানে হারিয়েছিল ইংল্যান্ডকে। ২০০৭ সাল থেকে এখনও পর্যন্ত কুড়ি-বিশের বিশ্বকাপে দু’দল মোট পাঁচ বার মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে তিন বার। ইংল্যান্ড দু’বার। এখন দেখার, ষষ্ঠ বারের সাক্ষাতে বাজিমাত করে কে।

India vs England Harry Brook
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy