Advertisement
E-Paper

ভারতই নিউ জ়িল্যান্ডকে বিশ্বকাপ ফাইনালে তুলেছে! প্রথম বার ইডেনে খেলে খুশি সেমিফাইনালের নায়ক কেকেআরের অ্যালেন

নিজের ৩৩ বলে ১০০ রানের ইনিংসকে নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের আসল কৃতিত্ব ফিন অ্যালেন দিচ্ছেন দলের বোলারদের। কৃতিত্ব দিচ্ছেন ভারতকেও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৭:৪৭
picture of cricket

ফিন অ্যালেন। ছবি: পিটিআই।

ক্রিকেট বিশ্বকে মোহিত করে রেখেছেন ফিন অ্যালেন। কলকাতা নাইট রাইডার্সের কিউয়ি ব্যাটার ৩৩ বলে ১০০ রানের ইনিংসে একাধিক নজির গড়েছেন ইডেন গার্ডেন্সের ২২ গজে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরানের কৃতিত্ব ভারতকেই দিলেন নিউ জ়িল্যান্ডের ব্যাটার।

বুধবার প্রায় একার ব্যাটেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছেন অ্যালেন। দলকে দ্বিতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তুলে তৃপ্ত তিনি। বুধবার খেলার পর তিনি বলেছেন, ‘‘আমাদের বোলারেরা দারুণ শুরু করেছিল। শুরুতেই ওরা ম্যাচটা আমাদের দিকে এনে দেয়। এই রকম পিচে প্রথম দিকে উইকেট তুলতে পারলে প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়া যায়। তাতে পরে ব্যাটারদের কাজ সহজ হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমদের ঠিক এই সুবিধাটাই করে দিয়েছিল বোলারেরা। বিশ্বকাপের আগে আমরা ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলেছিলাম। দলের সকলে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছে। ভারতের পিচ সম্পর্কে আমাদের ভাল ধারনা তৈরি হয়ে গিয়েছিল। ওই সিরিজ়টা আমাদের বিশ্বকাপের প্রস্তুতিরই অংশ ছিল। যা আমাদের কাজে এসেছে।’’

দলকে জিতিয়ে উঠেও অ্যালেনের মুখে শুধু দলের কথা শোনা গিয়েছে। ৩০০-র বেশি স্ট্রাইক রেট বজায় রেখে অপরাজিত শতরান করেও নিজে কৃতিত্ব নিতে চাননি। অ্যালেন বলেছেন, ‘‘দল হিসাবে আমরা অনেক কিছু শিখেছি। লড়াই করার মানসিকতা নিয়ে সকালে ঘুম থেকে উঠেছিলাম আমরা। ম্যাচের শেষ বল পর্যন্ত লড়াই করার জন্য তৈরি ছিলাম সকলে। সেমিফাইনাল খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে একই কথা আবার বলব। ম্যাচের শুরুতে বোলারেরাই আমাদের কাজটা সহজ করে দিয়েছিল।’’

শতরান করে আপনার কেমন লাগছে? অ্যালেন বলেছেন, ‘‘ব্যাট করে বেশ ভাল লাগল। ইডেনের পিচটাও বেশ ভাল। প্রথম বার এই মাঠে খেললাম। ভারতের বিরুদ্ধে সিরিজ়টা আমরা কালো মাটির পিচেই খেলেছিলাম। তাই একটা ধারনা ছিলই।’’

অ্যালেন খুশি তাঁর বাবা-মার জন্য। প্রথম সেমিফাইনালের সেরা ক্রিকেটার বলেছেন, ‘‘আমি নিশ্চিত বাবা-মা পুরো ম্যাচ দেখেছেন। আশা করি, আমার ইনিংস ওদের গর্বিত করেছে। এটাও জানি, আমাদের এই দলের পাশে গোটা দেশ রয়েছে। নিশ্চিত, রবিবারও সকলে আমাদের পাশে থাকবেন। আমাদের দেশের সময় অনুযায়ী ম্যাচগুলো বেয়ারা সময় হচ্ছে। ওই সময় সকলের পক্ষে খেলা দেখা মুশকিল। তবু অনেকেই ট্যাবে খেলা দেখবেন বলে মনে হয়। হয়তো ফাইনাল দেখার জন্য অনেকে সোমবার কাজের জায়গায় ছুটিও নেবেন।’’

ফাইনালে ইংল্যান্ড অথবা ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে হবে। কী মনে করছেন? অ্যালেন বলেছেন, ‘‘আমরা সাধারণ ক্রিকেট খেলার চেষ্টাই করব। সন্দেহ নেই, ফাইনাল চ্যালেঞ্জিং হবে। আর যাই হোক এটা তো ক্লাব ক্রিকেটের ম্যাচ নয়। পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা করতে হবে আমাদের।’’ ২৬ বছরের ক্রিকেটার আরও বলেছেন, ‘‘ইংল্যান্ডের বিরুদ্ধে আমরা বিশ্বকাপে খেলেছি। ওদের দলে বেশ কয়েক জন ভাল ক্রিকেটার রয়েছে। ভারতের বিরুদ্ধেও খেলেছি। দু’টো দলই ভাল। ওদের পরিকল্পনা খানিকটা হলেও আঁচ করতে পারি আমরা। আশা করব ভাল কিছুই হবে।’’

ICC T20 World Cup 2026 New Zealand Finn Allen KKR
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy