Advertisement
E-Paper

সচিন-পুত্রের বিয়ের নিমন্ত্রণে ভারতীয় দলের এক জনই, সেমিফাইনালের আগে কে গেলেন অনুষ্ঠানে, জানা গেল নাম

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শুরু ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। তার কয়েক ঘণ্টা আগে অর্জুন তেন্ডুলকর-সানিয়া চন্দোকের বিয়ের অনুষ্ঠানে যোগ দিলেন ভারতীয় দলের এক জনই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৬:৩১
picture of cricket

ভারতীয় ক্রিকেট দল। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের কয়েক ঘণ্টা আগে অর্জুন তেন্ডুলকরের বিয়ের অনুষ্ঠানে গৌতম গম্ভীর। কোচ ছাড়াও ভারতীয় দলের কয়েক জন সদস্যকে দেখা গিয়েছে অনুষ্ঠানে। তবে বিশ্বকাপের দলে থাকা কোনও ক্রিকেটারকে দেখা যায়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই সানিয়া চন্দোকের সঙ্গে বিয়ে হল অর্জুনের। ছেলের বিয়েতে সচিন আমন্ত্রণ করেছিলেন ভারতীয় ক্রিকেট মহলের অনেককে। এখনকার ক্রিকেটারদের পাশাপাশি বহু প্রাক্তন ক্রিকেটারও ছিলেন আমন্ত্রিতের তালিকায়। মুম্বইয়ের যে হোটেলে ভারতীয় দল রয়েছে, সেই হোটেলেই সচিন ছেলের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন। বৃহস্পতিবার সকালে সচিনের আমন্ত্রণ রাখতে অর্জুনের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন গম্ভীর। এ দিনই সন্ধ্যায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে ভারত। তার কয়েক ঘণ্টা আগে ভারতীয় দলের কোচের উপস্থিতি আলাদা ভাবে নজর কেড়েছে। স্ত্রী নাতাশা জৈনকে নিয়ে সাদা কুর্তা-পাজামা পরে বিয়েবাড়ি গিয়েছিলেন গম্ভীর।

গম্ভীর ছাড়া ভারতের বিশ্বকাপের দলের কাউকে অর্জুনের বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি। তবে শ্রেয়স আয়ার, পৃথ্বী শয়ের মতো ভারতীয় ক্রিকেটারেরা অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকর। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহও। ছিলেন হরভজন সিংহ, যুবরাজ সিংহ, মহেন্দ্র সিংহ ধোনি, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, আশিস নেহরা, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, বেঙ্কটেশ প্রসাদ, জাহির খান, সুরেশ রায়না, আকাশ চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেটারেরা। শিল্পপতি অনিল অম্বানিও সপরিবার উপস্থিত ছিলেন অর্জুন-সানিয়ার বিয়ের অনুষ্ঠানে। বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, বিধু বিনোদ চোপড়া, শঙ্কর মহাদেবন, আমির খান, ফারহান আখতার, আরতি সিংহ, আশুতোষ গোয়ারিকর-সহ বলিউডের বহু পরিচিত মুখকে দেখা গিয়েছে।

গত অগস্টে সানিয়া-অর্জুনের বাগ্‌দান হয়। ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য এবং অল্প কয়েক জন ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধু। মুম্বইয়ের পরিচিত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং হোটেল শিল্পে মুম্বইয়ের ঘাই পরিবার অত্যন্ত পরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক ঘাই পরিবার। সেই পরিবারের জামাই সচিন-পুত্র।

ICC T20 World Cup 2026 Arjun Tendulkar Sachin Tendulkar Gautam Gambhir Wedding
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy