Advertisement
E-Paper

রোহিতের ফাঁদে পা রাহুল-কুলদীপ-অক্ষরের! শর্মার বুদ্ধিতে ঠকে রিভিউ হারাল দিল্লি ক্যাপিটালস

কুলদীপ যাদব এবং লোকেশ রাহুল আউটের আবেদন করেন রোহিত শর্মার বিরুদ্ধে। মাঠের আম্পায়ার আবেদন খারিজ করতেই রোহিত সাজঘরের দিকে কয়েক পা এগিয়ে গিয়ে বোকা বানান দিল্লি ক্যাপিটাসের ক্রিকেটারদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৫:৪২
picture of cricket

(বাঁ দিকে) কুলদীপ যাদব এবং রোহিত শর্মা (ডান দিকে)। রোহিতের বুদ্ধিতে দিল্লি রিভিউ নষ্ট করার পর। ছবি: পিটিআই।

রোহিত শর্মার বুদ্ধির কাছে ঠকে গেলেন কুলদীপ যাদব, লোকেশ রাহুল এবং অক্ষর পটেল। নষ্ট করালেন দিল্লি ক্যাপিটালসের একটি রিভিউ। শনিবার মুম্বই ইন্ডিয়ান্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচে ঘটেছে এমনই মজার ঘটনা। জাতীয় দলের দুই সতীর্থকে বোকা বানিয়ে হেসেও ফেলেন রোহিত।

ঘটনাটি মুম্বইয়ের ইনিংসের নবম ওভারের। পঞ্চম বলটি কুলদীপ করেন লেগ স্টাম্পের সামান্য বাইরে। রোহিত সুইপ করার চেষ্টা করেন। কিন্তু বল চলে যায় উইকেটরক্ষক রাহুলের হাতে। সঙ্গে সঙ্গে রাহুল এবং কুলদীপ আউটের আবেদন করেন। তাঁরা মনে করেন, বল রোহিতের ব্যাট ছুঁয়েছে। তবে মাঠের আম্পায়ার আউট দেননি। তাতে কিছুটা বিস্মিত দেখায় রাহুল এবং কুলদীপকে।

ঠিক এ সময়ই রোহিত বুদ্ধি খাটিয়ে জাতীয় দলের সতীর্থদের বোকা বানান। আম্পায়ার আউট না দিলেও রোহিত ততক্ষণে সাজঘরের দিকে কয়েক পা এগিয়ে যান। দেখে মনে হয়, রোহিত নিজেই আউট মেনে নিচ্ছেন। তাই তিনি সাজঘরে দিকে এগিয়ে যাচ্ছিলেন। তাঁকে দেখে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন দিল্লির ক্রিকেটারেরা। আম্পায়ার আউট না দেওয়ায় দিল্লি অধিনায়ক অক্ষর দুই সতীর্থ রাহুল এবং কুলদীপের সঙ্গে কথা বলে ডিআরএস-এর আবেদন করেন। মাঠের আম্পায়ার তৃতীয় আম্পায়ারকে ইশারা করতেই রোহিতের মুখে হালকা হাসি ফুটে ওঠে।

রিপ্লেতে দেখা যায়, মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত ঠিক ছিল। কুলদীপের বল রোহিতের ব্যাটে লাগেনি। তাই তিনি আউট নন। তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত জানাতেই হেসে ফেলেন রোহিত। কারণ দিল্লি তাঁর ফাঁদে পা দিয়ে একটা রিভিউ নষ্ট করে ফেলেছে ততক্ষণে। রোহিতের চালাকি অক্ষরেরা বুঝতে পারলেও তখন তাঁদের আর কিছুই করার ছিল না। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

সংক্ষেপে
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
  • আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
Rohit Sharma Axar Patel Kuldeep Yadav KL Rahul DRS
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy