Advertisement
E-Paper

পঞ্জাব ম্যাচের আগে হঠাৎই শহরে হর্ষিত রানা, জোরে বোলারকে নিয়ে কি নতুন কোনও ভাবনা কেকেআরের?

সোমবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে, সোমবারই সকালে আচমকাই কলকাতায় এসে হাজির হলেন হর্ষিত রানা। কেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৬:৫২
cricket

শহরে এলেন হর্ষিত। ছবি: সংগৃহীত।

সোমবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে, সোমবারই সকালে আচমকা কলকাতায় এসে হাজির হলেন হর্ষিত রানা। আইপিএল থেকে ছিটকে যাওয়া পেসার কেন হঠাৎ পঞ্জাব ম্যাচের আগে শহরে এলেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। জোরে বোলারকে নিয়ে কি নতুন কোনও ভাবনা রয়েছে কেকেআরের?

এ দিন কেকেআরের তরফ থেকে হর্ষিতের শহরে আসার ছবি পোস্ট করা হয়েছে। তবে খেলতে নয়, কলকাতায় হর্ষিত এসেছেন দলকে সমর্থন করতে। আর কোনও উদ্দেশ্য নেই তাঁর। দলের তরফে জানানো হয়েছে, কেকেআর পরিবারের সঙ্গে এক দিন সময় কাটাতেই শহরে এসেছেন হর্ষিত। পঞ্জাব ম্যাচে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই।

আইপিএল শুরু হওয়ার সপ্তাহখানেক আগে একটি সাংবাদিক বৈঠকে কেকেআরের কোচ অভিষেক নায়ার বলেছিলেন, “আমরা একটা বড় ধাক্কা খেয়েছি। হর্ষিত গত দু’বছর ধরেই এই দলের অবিচ্ছেদ্য অংশ। গত এক বছরে ক্রিকেটার হিসাবে অনেক উন্নতি করেছে। আমরা হর্ষিতকে মিস্ করব। ওর বদলি খোঁজা সহজ নয়।”

পরে হর্ষিতের জায়গায় নবদীপ সাইনিকে নেয় কেকেআর। তিনি এখনও একটিও ম্যাচে খেলেননি। ৭৫ লক্ষ টাকায় যোগ দিয়েছেন কেকেআরে। আইপিএল শুরু হওয়ার আগে থেকেই কেকেআরের নেটে নিয়মিত বল করতে দেখা গিয়েছিল নবদীপকে। তাঁর সঙ্গেই দৌড়ে ছিলেন আকাশ মাধোয়াল, কেএম আসিফ, সন্দীপ ওয়ারিয়রেরা। শেষ পর্যন্ত অভিজ্ঞ নবদীপকেই বেছে নেওয়া হয়েছিল।

এখনও পর্যন্ত ৩২টি আইপিএল ম্যাচে ২৩টি উইকেট নিয়েছেন নদবীপ। ভারতের হয়ে খেলে ২৩টি আন্তর্জাতিক উইকেট রয়েছে তাঁর। ‘কেকেআর নাইট ক্লাবে’ তিনি বলেছিলেন, “কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা খুবই গর্বের ব্যাপার। আমি কেকেআরের ক্রিকেটার, এটা বললেই আলাদা অনুভূতি আসে। নাইট রাইডার হয়ে খুব ভাল লাগছে।”

সংক্ষেপে
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
  • আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
Harshit Rana KKR Punjab Kings
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy