Advertisement
E-Paper

কঠিন ক্যাচ ধরছেন পাওয়েলরা, ভাল স্টাম্পিং রঘুবংশীর! কার ছোঁয়ায় হঠাৎ বদলে গেল কেকেআরের ফিল্ডিং

কেকেআরের জয়ে ফেরার অন্যতম কারণ তাদের ফিল্ডিং। কী ভাবে এই ফিল্ডিংয়ে উন্নতি হল দলের? নেপথ্যে রয়েছেন ফিল্ডিং কোচ দিশান্ত যাজ্ঞিক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ২১:৩৭
cricket

হায়দরাবাদের বিরুদ্ধে রভম্যান পাওয়েলের দুর্দান্ত ক্যাচের সেই মুহূর্ত। ছবি: এক্স।

এ বারের আইপিএলের প্রথম ছয় ম্যাচে কেকেআরের জয় অধরা থাকার বড় কারণ ছিল তাদের ফিল্ডিং। ক্যাচ পড়েছে। রান আউটের সুযোগ নষ্ট হয়েছে। কিন্তু শেষ চার ম্যাচে জয়ে ফিরেছে তারা। এই সাফল্যের নেপথ্যেও রয়েছে কেকেআরের ফিল্ডিং। কী ভাবে এই ফিল্ডিংয়ে উন্নতি হল দলের? নেপথ্যে রয়েছেন ফিল্ডিং কোচ দিশান্ত যাজ্ঞিক।

গত কয়েকটি ম্যাচে কেকেআরের ক্যাচ মিসের সংখ্যা অনেকটাই কমেছে। পাশাপাশি বেশ কয়েকটি ভাল ক্যাচ ধরেছেন কেকেআরের ফিল্ডারেরা। লখনউ সুপার জায়ান্টসের মিচেল মার্শ ও সানরাইজ়ার্স হায়দরাবাদের হাইনরিখ ক্লাসেনের বিরুদ্ধে দুর্দান্ত ক্যাচ ধরেছেন রভম্যান পাওয়েল। সেই দু’টি ক্যাচ আইপিএলের সেরা ক্যাচের দৌড়ে রয়েছে। কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানেও বেশ কয়েকটি ভাল ক্যাচ ধরেছেন। ভাল স্টাম্প আউট করছেন উইকেটরক্ষক অঙ্গকৃশ রঘুবংশী। এই সবের নেপথ্যে রয়েছেন দিশান্ত।

গত বছর থেকে কেকেআরের ফিল্ডিং কোচ দিশান্ত। রাজস্থানের এই উইকেটরক্ষক আইপিএলেও খেলেছেন। তবে তাঁকে পরিচিতি দিয়েছে জম্মু-কাশ্মীর। এ বারের রঞ্জিজয়ী দলের ফিল্ডিং কোচ তিনি। সেই দিশান্তের উপরেই ভরসা দেখিয়েছেন প্রধান কোচ অভিষেক নায়ার। সে কথা নিজেই বলেছেন দিশান্ত।

কেকেআরের ফিল্ডিং কোচ বলেন, “আমাকে অভিষেক বলেছিল, দলের ফিল্ডিং যে ভাবেই হোক ভাল করতে হবে। ধীরে ধীরে আমরা উন্নতি করেছি। শুরুতে ক্যাচ পড়ছিল। কিন্তু ধীরে ধীরে তা কমেছে। অনুশীলনে ফিল্ডিং ও ক্যাচ ধরার বিশেষ অনুশীলন চলছে। তার ফল পাচ্ছি।”

ফিল্ডিংয়ে একটুও ফাঁকি দিতে চান না দিশান্ত। তিনি নিজে ক্যাচ ধরার অনুশীলন করান। সেখানে যেমন স্লিপ বা ৩০ গজ বৃত্তের মধ্যে ক্যাচ ধরার অনুশীলন হয়, তেমনই উঁচু ক্যাচেরও অনুশীলন চলে। দিশান্ত নিজে বল তুলে দেন। কখনও দু’হাতে, আবার কখনও এক হাতে ক্যাচ ধরার নির্দেশ থাকে। ক্যাচ ধরতে না পারলে হয় শাস্তি। ফিল্ডার পুশ-আপ করতে হয়। সেই শাস্তির ভয়ে ফিল্ডারের অনেক বেশি মনযোগ দিয়েছেন বলে জানিয়েছেন দিশান্ত।

এ বারের আইপিএলের দিশান্তের আরও একটি সাফল্য রঘুবংশীকে উইকেটরক্ষক করে তোলা। দিশান্ত বলেন, “অভিষেক আমাকে বলেছিল, রঘুবংশীর মধ্যে উইকেটরক্ষক হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে উইকেটরক্ষক করতে পারলে এক জন অতিরিক্ত ব্যাটার বা বোলার খেলানো যাবে। রঘুবংশী বেশ লম্বা। দৈহিক উচ্চতা বেশি হল নীচে ঝুঁকতে সমস্যা হয়। তাই ওর পিছনে বেশি সময় দিতে হয়েছে। ধীরে ধীরে ও উন্নতি করেছে। আগের ম্যাচে পাথুম নিসঙ্ককে যে ভাবে স্টাম্প আউট করল, সেটাই বোঝাচ্ছে, ও উন্নতি করছে।”

কেকেআরে বিকল্প উইকেটরক্ষকের উদাহরণ আগেও ছিল। গৌতম গম্ভীর অধিনায়ক থাকাকালীন রবিন উথাপ্পা এই দায়িত্ব সামলেছিলেন। তিনিও বিশেষজ্ঞ উইকেটরক্ষক ছিলেন না। উথাপ্পা সেই দায়িত্ব নেওয়ায় অতিরিক্ত ব্যাটার বা বোলার খেলাতে পেরেছিলেন গম্ভীর। তাঁর দল দু’বার চ্যাম্পিয়নও হয়েছিল। সেই পরিকল্পনা নিয়েই এগিয়ে চলেছেন অভিষেক। তাঁকে সাহায্য করছেন দিশান্ত। এই ভারতীয় ফিল্ডিং কোচের হাত ধরে বদলে গিয়েছে কেকেআরের ফিল্ডিং।

সংক্ষেপে
  • আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
KKR Dishant Yagnik

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy