কলকাতা নাইট রাইডার্সের যা বর্তমান অবস্থা, তাতে ক্রিকেটার আন্দ্রে রাসেলকেই সব চেয়ে বেশি প্রয়োজন দলের। কিন্তু এ বার মরসুম শুরু হওয়ার আগেই তিনি ঘোষণা করে দিয়েছেন, আইপিএল আর খেলবেন না। ফলে ‘পাওয়ার’ কোচ হিসেবে যোগ দিয়েছেন কেকেআরেই।
আইপিএলের প্রথম চার ম্যাচে তিনটি হেরে এক পয়েন্টে কেকেআর। বৃষ্টির জন্য পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট পেয়েছেন অজিঙ্ক রাহানেরা। নাইটদের এই অবস্থা কিছুতেই মানতে পারছেন না তাদের পাওয়ার কোচ।
কেকেআরের ইনস্টাগ্রামে একটি ভিডিয়োয় শেন ওয়াটসনের সঙ্গে আড্ডায় রাসেল বলেছেন, ‘‘এমন সব পরিস্থিতি তৈরি হয়, যখন নিজেকে সামলে রাখা যায় না। মনে হয়, প্যাড পরে ব্যাট করতে নেমে যাই। বিশেষ করে, দল যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, ইচ্ছে করে আমিও ব্যাট হাতে অবদান রাখি।’’ যোগ করেন, ‘‘আমি এখনও ব্যাট হাতে নামলে অনেক ম্যাচ জিতিয়ে দেব। কিন্তু খেলা ছেড়ে দিয়েছি। এ বার বাকিদের দায়িত্ব নিতে হবে। আমি তাদের তৈরি হয়ে উঠতে সাহায্য করি। ওরা যাতে আরও বড় ছক্কা হাঁকাতে পারে, সেটাই দেখার দায়িত্ব আমার।’’
পাওয়ার কোচ হিসেবেও কাজ করতে খারাপ লাগছে না তাঁর। রাসেলের কথায়, ‘‘এটাও বড় দায়িত্ব। ম্যাচ জেতানোর চেয়েও কঠিন কাজ। প্রত্যেককে দেখে বুঝতে হয়, কে কী রকম শট খেলতে পারবে। সেই অনুযায়ী অনুশীলন করাতে হয়।’’
রাসেল বা শেন ওয়াটসনের প্রশিক্ষণ নাইটদের হাল ফেরাতে পারবে কি না বলা যাচ্ছে না। তবে আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদী মনে করেন, যে কোনও মূল্যে গৌতম গম্ভীরকে ফিরিয়ে আনা উচিত শাহরুখ খানের। আইপিএলের প্রতিষ্ঠাতা বলেছেন, ‘‘যেভাবেই হোক গম্ভীরকে ফিরিয়ে নিয়ে আসুন। যা প্রয়োজন, যা দরকার হয় করুন। দরকারে শেন ওয়ার্নের মতো তাঁকে দলের লভ্যাংশ দিন। এই দলের হাল একমাত্র গম্ভীরই ফেরাতে পারবে।’’ যোগ করেন, ‘‘গম্ভীরের সঙ্গে দীর্ঘদিনের চুক্তি করা হোক। ওকে বাণিজ্যিক অংশ দেওয়া হোক। ওরা তো একাধিক কোচের জন্য টাকা ঢালছে। তা হলে গম্ভীরের সঙ্গে কথা বলছে না কেন?’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)