Advertisement
E-Paper

চেনা যাচ্ছে না পন্থকে! আইপিএলের আগে ওজন কমিয়ে ছিপছিপে ঋষভ

ভারতের এক দিনের দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ পান না ঋষভ পন্থ। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫ জনের দলেই এখন তাঁর জায়গা হয় না। টেস্ট ক্রিকেটেও লড়াইয়ে চলে এসেছেন ধ্রুব জুরেল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১২:২৮
picture of cricket

ঋষভ পন্থ। ছবি: এক্স।

বেশ কিছু দিন ধরে এক দিনের বা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ঋষভ পন্থের কথা ভাবছেন না গৌতম গম্ভীর, অজিত আগরকরেরা। টেস্টের প্রথম একাদশে জায়গা পেলেও সাদা বলের ক্রিকেটে জায়গা হারিয়েছেন পন্থ। জায়গা ফিরে পেতে আইপিএলে নিজেকে প্রমাণ করতে চান উইকেটরক্ষক-ব্যাটার। যুবরাজ সিংহের কাছে প্রশিক্ষণ নিয়েছেন। কমিয়ে ফেলেছেন কয়েক কিলোগ্রাম ওজন।

আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক পন্থ। দলের সাফল্য অনেকটাই নির্ভর করে তাঁর উপর। সঞ্জীব গোয়েন্‌কার দলের ভারসাম্যের ক্ষেত্রেও পন্থের ভূমিকা গুরুত্বপূর্ণ। পন্থকে দেখেই বোঝা যাচ্ছে, কয়েক কিলোগ্রাম ওজন কমিয়ে ফেলেছেন। আগের তুলনায় অনেক ছিপছিপে দেখাচ্ছে তাঁকে। চেন্নাইয়ে এলএসজির প্রস্তুতি শিবিরে যোগ দেওয়া পন্থকে প্রশ্ন করা হয়, ওজন কতটা কমিয়েছেন? উত্তর দেননি পন্থ। তিনি শুধু বলেছেন, ‘‘এ সব জিজ্ঞাসা করবেন না।’’ ভারতের এক দিনের দলে জায়গা ধরে রাখতে গত মরসুমে রোহিত শর্মা প্রায় ১২ কেজি ওজন কমিয়েছিলেন। একই পথে হেঁটেছেন পন্থও।

ভারতের এক দিনের দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ পান না পন্থ। উইকেটরক্ষকের দায়িত্ব সামলান লোকেশ রাহুল। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫ জনের দলেই এখন জায়গা হয় না পন্থের। সঞ্জু স্যামসন, ঈশান কিশন, জিতেশ শর্মাদের পর তাঁর কথা ভাবা হয়। টেস্ট ক্রিকেটেও পন্থের সঙ্গে লড়াইয়ে চলে এসেছেন ধ্রুব জুরেল। টি-টোয়েন্টি বিশ্বকাপে সঞ্জু এবং ঈশানের ফর্ম পন্থের উপর চাপ আরও বাড়িয়েছে। সাদা বলের ক্রিকেটে সুযোগ পাওয়ার সম্ভাবনা আরও কমিয়েছে। তা ছাড়া অভিষেক পোড়েলের মতো তরুণ উইকেটরক্ষকেরাও জাতীয় নির্বাচকদের নজরে রয়েছেন।

পন্থের ঘনিষ্ঠ এক জন জানিয়েছেন, খানিকটা চাপে পড়েই ওজন কমিয়েছেন। ফিটনেস বাড়ানোই লক্ষ্য পন্থের। চেন্নাইয়ে এলএসজির শিবিরে যোগ দেওয়ার আগে মুম্বইয়ে পাঁচ দিন যুবরাজের কাছে অনুশীলন করেছেন পন্থ। তার আগে ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণের অ্যাকাডেমিতে প্রাক্‌-মরসুম প্রস্তুতি নিয়েছেন।

পন্থের আগ্রাসী ব্যাটিং নিয়ে আপত্তি নেই গম্ভীরের। কিন্তু আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে বার বার ভুল শট নির্বাচন এবং উইকেট ছুড়ে দেওয়ায় বিরক্ত ভারতীয় দলের কোচ। উইকেটরক্ষায় বড় সমস্যা না থাকলেও ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারছেন না। অধিকাংশ ক্ষেত্রে প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন। ২০১৭ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন পন্থ। দেশের হয়ে ৪৯টি টেস্ট, ৩১টি এক দিনের ম্যাচ এবং ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। জাতীয় দলে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। স্বাভাবিক ভাবেই পন্থকে আরও দায়িত্বশীল ভূমিকায় দেখতে চান গম্ভীর-আগরকরেরা। গত বছর আইপিএলেও ব্যাটার পন্থ ভাল কিছু করতে পারেননি। সব মিলিয়ে ২৬৯ রান করেছিলেন। দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের জন্য কম সমালোচনা হয়নি তাঁর।

ফর্ম ফিরে পেতে অনুশীলনেও বাড়তি পরিশ্রম করছেন পন্থ। গত শুক্রবার প্রায় সাড়ে ৩ ঘণ্টা নেটে ব্যাটিং করেছেন। জোরে বোলার এবং স্পিনারদের বিরুদ্ধে অনুশীলন করেছেন। পন্থের ব্যাটিং করার সময় নেটের পিছনে দাঁড়িয়ে ছিলেন এলএসজির বোলিং কোচ অরুণ এবং সহকারী কোচ ল্যান্স ক্লুজ়নার। কোনও ভুল হলে সঙ্গে সঙ্গে শুধরে দিয়েছেন তাঁরা। আবেশ খানকে দিয়ে ওয়াইড ইয়র্কার করানো হয়েছে। শট নির্বাচনের ক্ষেত্রে বেশি সতর্ক থাকার চেষ্টা করেছেন। দুপুর ৩টে থেকে বিকাল ৫টা ২০ পর্যন্ত পন্থের পুরো ব্যাটিং অনুশীলনের ভিডিয়ো করা হয়েছে। পরে দলের ভিডিয়ো বিশ্লেষকের সঙ্গে বসে বোঝার চেষ্টা করেছেন কোথায় কোথায় ভুল হচ্ছে।

পন্থের এমন অনুশীলন নিয়ে এলএসজির এক সাপোর্ট স্টাফ বলেছেন, ‘‘বয়স বাড়লে কিছু জিনিস বদলাতে হয়। নিজেকে ধরে রাখার জন্য বাড়তি পরিশ্রম করতে হয়। বিষয়টা অনেকটা নির্ভর করে খেলোয়াড়ের নিজের বোঝার উপর।’’ তাঁর বক্তব্য, শরীরের ওজন কমালে পন্থের চোট পাওয়ার সম্ভাবনাও কমবে।

ওজন কমিয়ে, অনুশীলনের সময় বাড়িয়ে চেষ্টা করছেন পন্থ। প্রথমে টেস্ট দলে জায়গা নিশ্চিত করতে চান। যদিও তাঁর আসল লক্ষ্য ভারতের এক দিনের বা টি-টোয়েন্টি ক্রিকেটের দলে জায়গা ফিরে পাওয়া। গম্ভীর-আগরকরদের বার্তা দিতে আইপিএলকেই বেছে নিচ্ছেন ২৮ বছরের ক্রিকেটার।

LSG Rishabh Pant
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy