Advertisement
E-Paper

ঘরের মাঠে দিশাহীন লখনউয়ের ব‍্যাটিং, দিল্লির বিরুদ্ধে খুঁড়িয়ে খুঁড়িয়ে ১৪১ রান তুললেন পন্থেরা

প্রথম ম্যাচেই দিশেহারা লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগাতে পারলেন না ঋষভ পন্থেরা। দলের এক জনও ব্যাটারও দায়িত্ব নিয়ে ২২ গজে টিকে থাকতে পারলেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ২১:১১
picture of cricket

ঋষভ পন্থ। ছবি: পিটিআই।

ঘরের মাঠে প্রথম ম্যাচ। তা-ও বেহাল দশা লখনউ সুপার জায়ান্টসের। ট্রফি জয়ের জন্য সঞ্জীব গোয়েন্‌কা সবচেয়ে বেশি নির্ভর করছেন ঋষভ পন্থের উপর। লখনউ অধিনায়কই শুরুতে আউট হয়ে গেলেন ক্রিকেট শিক্ষার্থীদের মতো ভুল করে। শুরুর ধাক্কা গোটা ইনিংসে বয়ে বেড়ালেন লখনউয়ের ব্যাটারেরা। শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৮.৪ ওভারে ১৪১ রান তুলল লখনউ।

মিচেল মার্শের স্ট্রেট ড্রাইভ মুকেশ কুমারের পায়ে গেলে উইকেট ভেঙে দিল লখনউ ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে। পন্থ (৭) তখন ক্রিজ়ের ফুট তিনেক বাইরে। বেমক্কা রানআউট হয়ে গেলেন লখনউ অধিনায়ক। এর পর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাল গোয়েন্‌কার দল। এডেন মার্করাম (১১), আয়ুষ বাদোনি (০), নিকোলাস পুরানেরা (৮) দলকে ভরসা দিতে পারলেন না। চাপের মুখে ২২ গজের এক প্রান্ত আগলে রাখতে পারলেন না মার্শও। তবু তিনি ২৮ বলে ৩৫ রান করেছেন ২টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে। ছয় নম্বরে নেমে কিছুটা লড়াই করলেন আব্দুল সামাদ। তিনি করলেন ২৫ বলে ৩৬। মারলেন ৩টি চার এবং ১টি ছক্কা।

রান পেলেন না লখনউয়ের পরের ব্যাটারেরাও। মুকুল চৌধরি করলেন ১৪। বাংলার শাহবাজ় আহমেদ অপরাজিত থাকলেন ১৬ বলে ১৫ রান করে। তিন বোলারকেও ব্যাট হাতে অসহায় দেখাল। মহম্মদ শামি (১), অনরিখ নোখিয়া (০), মহসিন খানদের (০) থেকে কঠিন পরিস্থিতিতে একটু দায়িত্ব নেওয়া উচিত ছিল।

দিল্লির বোলারদের মধ্যে সফলতম লুঙ্গি এনগিডি ২৭ রানে ৩ উইকেট নিলেন। ২৯ রানে ৩ উইকেট টি নটরাজনের। ৩১ রানে ২ উইকেট নিলেন কুলদীপ যাদব। ১৭ রানে ১ উইকেট অধিনায়ক অক্ষর পটেলের। উইকেট না পেলেও ভাল বল করলেন মুকেশ। ৩ ওভারে বাংলার জোরে বোলার দিলেন ১৭ রান।

LSG Rishabh Pant Delhi Capitals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy