Advertisement
E-Paper

দলের সঙ্গে গুয়াহাটি যাননি ধোনি, কেকেআর ম্যাচেও পারবেন না খেলতে, কবে মাঠে ফিরতে পারেন মাহি? জানা গেল তারিখ

আইপিএল শুরুর আগেই পায়ের পেশিতে চোট পেয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ফলে আপাতত বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৭:০২
cricket

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

প্রথমে জানা গিয়েছিল, দু’সপ্তাহ মাঠে নামতে পারবেন না মহেন্দ্র সিংহ ধোনি। অর্থাৎ, আইপিএলের প্রথম চার ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। কিন্তু এখন জানা গিয়েছে, ধোনির চোট সারতে আরও সময় লাগবে। ফলে দুই নয়, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

সিএসকে সূত্রে খবর, কঠোর অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন ধোনি। চিকিৎসকেরা জানিয়েছেন, পুরো সুস্থ হয়ে মাঠে নামতে তিন সপ্তাহ লাগবে তাঁর। সাধারণত পায়ের পেশিতে চোট লাগলে দু’সপ্তাহে সুস্থ হওয়া যায়। কিন্তু ধোনির আগে থেকেই পায়ে সমস্যা রয়েছে। তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। ফলে পুরো সুস্থ হতে আরও বেশি সময় লাগবে তাঁর।

এপ্রিলের শেষ সপ্তাহে ধোনি আবার খেলতে পারবেন বলে জানা গিয়েছে। তার অর্থ, চেন্নাই সুপার কিংসের প্রথম ছ’টি ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। চেন্নাইয়ের এই আধিকারিক বলেছেন, “ধোনির না থাকা আমাদের দলের কাছে বড় ধাক্কা। কিন্তু আমাদের সেটা মেনে এগোতে হবে।”

৩০ মার্চ চেন্নাইয়ের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। কিন্তু সেই ম্যাচ খেলতে গুয়াহাটি যায়নি ধোনি। একটি সূত্র বলেছে, “ধোনি আপাতত বিশ্রাম নিচ্ছেন। ওঁর উপর আমরা চাপ দিচ্ছি না। আমরা চাই, যত তাড়াতাড়ি সম্ভব উনি সুস্থ হয়ে মাঠে ফিরুন।”

চেন্নাইয়ের দ্বিতীয় ম্যাচ ৩ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে। চেন্নাইয়ের তৃতীয় প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ ৫ এপ্রিল। চেন্নাইয়ের চতুর্থ ম্যাচ ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ও ১৮ এপ্রিল সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে তারা। এই ছয় ম্যাচে ধোনি খেলতে পারবেন না। ২৩ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলার আগে ধোনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন চিকিৎসকেরা।

তবে ধোনি শুরুর কয়েকটি ম্যাচে খেলতে না পারলেও চেন্নাইয়ের বড় সমস্যা হওয়ার কথা নয়। কারণ এ বারই সিএসকে কর্তৃপক্ষ দলে নিয়েছেন সঞ্জু স্যামসনকে। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার ধোনির অভাব পূরণ করতে পারেন। ধোনির অনুপস্থিতি রুতুরাজ গায়কোয়াড়ের দলের শক্তি বা ভারসাম্যের উপর প্রভাব না ফেললেও হতাশ হতে পারেন ক্রিকেটপ্রেমীরা। মূলত ধোনির জন্যই সারা দেশে সিএসকের জনপ্রিয়তা।

ধোনিকে এ বার চেন্নাই কী ভাবে ব্যবহার করবে, তা নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছে। একাধিক প্রাক্তন ক্রিকেটার ৪৪ বছরের ধোনিকে চেন্নাইয়ের প্রথম একাদশে না-রাখার পক্ষে মতামত দিয়েছেন। কারণ গত দু’মরসুম ধোনিকে চেনা ফর্মে দেখা যাচ্ছে না। ব্যাটিংয়ের ধার কমে গিয়েছে। শেষ দিকে নেমে দ্রুত রান তুলতে পারছেন না। ব্যাটিং অর্ডারের নীচে নামিয়ে নামিয়ে তাঁকে প্রায় লুকিয়ে রাখতে হচ্ছে। কমেছে খুচরো রান নেওয়ার গতি। উইকেটরক্ষার রিফ্লেক্সও অনেক কমেছে আগের তুলনায়। তাঁর অবসর নিয়েও নানা জল্পনা চলছে। যদিও ধোনি নিজে এ নিয়ে কখনও মুখ খোলেননি।

MS Dhoni CSK
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy