Advertisement
E-Paper

তারিককে নিয়ে বিতর্ক! থেমে গিয়ে বল করা পাক স্পিনারকে থামিয়ে দিলেন নিউ জ়িল্যান্ডের ব্যাটার মিচেল

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বোলিং অ্যাকশনের জন্য আলোচনায় উঠে এসেছিলেন উসমান তারিক। বল হাত থেকে ছাড়ার আগে একটু থমকে যান পাকিস্তানের অফ স্পিনার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৪:৫০
picture of cricket

পিএসএলে বিতর্কিত সেই মুহূর্ত। ছবি: এক্স।

উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি উঠল পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। আপত্তি তুললেন নিউ জ়িল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। যা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই বোলিং অ্যাকশনের জন্য আলোচনায় উঠে এসেছিলেন তারিক। বল হাত থেকে ছাড়ার আগে একটু থমকে যান পাকিস্তানের অফ স্পিনার। অদ্ভুত এই অ্যাকশনের জন্য তাঁর বল খেলতে কিছুটা সমস্যা পড়েন ব্যাটারেরা। ঠিক এই কারণেই তারিকের বল খেলতে আপত্তি জানিয়েছেন মিচেল।

শনিবার পিএসএলে রাওয়ালপিন্ডিজ়ের খেলা ছিল কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে। রাওয়ালপিন্ডিজ়ের ইনিংসের নবম ওভারে ব্যাট করছিলেন মিচেল। বোলার ছিলেন তারিক। পাক স্পিনারকে বল ছাড়ার আগে থমকে যেতে দেখে বিরক্ত হন মিচেল। কয়েক বার এমন হওয়ার পর তারিক বল ছাড়ার ঠিক আগে, একাধিক বার স্টাম্প থেকে সরে যান কিউয়ি ব্যাটার। আম্পায়ারকে বলেন, এই ধরনের বল খেলতে তিনি রাজি নন। এতে তাঁর ব্যাটিংয়ের সময়ের সমস্যা হচ্ছে। সে সময় মিচেলকে বেশ হতাশ লাগছিল। এই ঘটনায় তারিকের বোলিং অ্যাকশন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Advertisement

আম্পায়ার অবশ্য তারিককে বাধা দেননি বল করতে। পাকিস্তানের রহস্য স্পিনার ৪ ওভার বল করে ২৩ রানে ২ উইকেট নিয়েছেন। তাঁর দলও জয় পেয়েছে ৬১ রানে। প্রথমে ব্যাট করে কোয়েট্টা করে ৬ উইকেটে ১৮২। জবাবে রাওয়ালপিন্ডিজ়ের ইনিংস শেষ হয়ে যায় ১৭.৩ ওভারে ১২১ রানে।

আগে তারিকের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ ছিল তারিক বল ছোড়েন। যদিও পাক স্পিনারের দাবি, তাঁর কনুইয়ের গঠনের জন্য এমন মনে হয়। তিনি নিয়ম মেনে বল করেন। কনুই ১৮ ডিগ্রির বেশি ভাঙেন না।

Daryl Mitchell Usman Tariq Bowling Action
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy