Advertisement
E-Paper

ভিসা খারিজ! ভারতে বিশ্বকাপ খেলতে আসতে পারল না পাকিস্তান, কড়া হুঁশিয়ারি পাক দলের

ভিসা না পাওয়ায় ভারতে দৃষ্টিহীনদের বিশ্বকাপ খেলতে আসতে পারল না পাকিস্তান দল। এই ঘটনায় ক্ষুব্ধ তারা। ফল ভাল হবে না বলে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ ২০:৪১
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। কিন্তু এই দৃশ্য দেখা যাবে না দৃষ্টিহীনদের বিশ্বকাপে।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। কিন্তু এই দৃশ্য দেখা যাবে না দৃষ্টিহীনদের বিশ্বকাপে। —ফাইল চিত্র

ভারতে আসার জন্য ভিসা পেল না পাকিস্তানের দৃষ্টিহীন ক্রিকেট দল। সে কারণে ভারতে আয়োজিত দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসতে পারেনি তারা।

পাকিস্তানের ‘দৃষ্টিহীন ক্রিকেট কাউন্সিল’ একটি বিবৃতিতে জানিয়েছে, ভারতের বিদেশমন্ত্রক থেকে ছাড়পত্র পায়নি তারা। বিবৃতিতে লেখা, ‘‘এই ঘটনা খুব দুর্ভাগ্যজনক। এখন দু’দলের যা ছন্দ তাতে বিশ্বকাপের ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ছিল। বিশ্বকাপ জেতার সম্ভাবনাও পাকিস্তানের বেশি ছিল। কিন্তু ভিসা না মেলায় দল খেলতেই যেতে পারল না।’’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘খেলাকে সব সময় রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। কিন্তু ভারত সেটা করছে না। আমরা এই ঘটনার নিন্দা করছি। ভারতের ‘দৃষ্টিহীন ক্রিকেট অ্যাসোসিয়েশন’-এর অবশ্য কোনও দোষ নেই। তারা কেন্দ্রের কাছে আবেদন করেছিল পাকিস্তানকে যাতে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু সরকার অনুমতি দেয়নি।’’

এই সিদ্ধান্তের জন্য ভারতকে খেসারত দিতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই ঘটনার ফল ভাল হবে না ভারতের জন্য। কারণ, বিশ্ব দৃষ্টিহীন ক্রিকেট সংস্থায় আমরা অভিযোগ জানাব। ভবিষ্যতে যাতে ভারতকে কোনও প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব দেওয়া না হয় সেই আবেদন করব আমরা।

পাকিস্তান যে খেলতে পারছে না সে কথা জানিয়েছে ভারতের ‘দৃষ্টিহীন ক্রিকেট অ্যাসোসিয়েশন’। তারা একটি বিবৃতিতে জানিয়েছে, ‘‘ভারতে আয়োজিত দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নিতে পারছে না। তারা যাতে ভিসা পায় তার সব চেষ্টা আমরা করেছিলাম। কিন্তু ওদের ভিসা দেওয়া হয়নি।’’

৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ভারতে চলবে দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। দিল্লি, মুম্বই, ইনদওর, বেঙ্গালুরু ও ফরিদাবাদে হবে খেলা। গত বারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। রানার্স হয়েছিল পাকিস্তান। কিন্তু এ বার পাকিস্তান নেই। তারা না থাকায় ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে খেলা হবে।

শুধু দৃষ্টিহীনদের ক্রিকেট নয়, ২০২৩ সালে পাকিস্তানে হতে চলা এশিয়া কাপ নিয়েও শুরু হয়েছে তরজা। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, পাকিস্তানে খেলতে যাবেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এশিয়া কাপ পাকিস্তান থেকে সরিয়ে নেওয়ারও প্রস্তাব দিয়েছেন তিনি। তার পাল্টা হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি চেয়ারম্যান হুমকি দিয়েছেন, পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে দেওয়া হলে ২০২৩ সালে ভারতে এক দিনের বিশ্বকাপ খেলতে আসবে না তারা।

India vs Pakistan India Cricket Pakistan Cricket blind cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy