Advertisement
E-Paper

আইপিএলে এটাই শেষ মরসুম রোহিতের? মুম্বইয়ের সাজঘরে বার্তা প্রাক্তন অধিনায়কের, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আর্জি সতীর্থদের

কোণঠাসা দলকে তাতাতে মুম্বই ইন্ডিয়ান্সের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছেন রোহিত শর্মা। ক্রিকেটার এবং অধিনায়ক হিসাবে তাঁকে গড়ে তোলার কথা বলেছেন। কথা বলার সময় রোহিতকে বেশ আবেগপ্রবণ মনে হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৬:৫৩
picture of cricket

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

শক্তিশালী দল গড়েও আইপিএলে প্রত্যাশিত পারফর্ম করতে পারছে না মুম্বই ইন্ডিয়ান্স। তিনটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে হার্দিক পাণ্ড্যের দল। পয়েন্ট তালিকায় রয়েছে আট নম্বরে। রবিবার মুম্বইয়ের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সতীর্থদের তাতালেন রোহিত শর্মা।

কোণঠাসা দলকে তাতাতে মুম্বই ইন্ডিয়ান্সের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছেন রোহিত। ক্রিকেটার এবং অধিনায়ক হিসাবে তাঁকে গড়ে তোলার কথা বলেছেন। মুম্বইয়ের সাজঘরে নিজের উদাহরণ দিয়ে সকলকে উৎসাহিত করেছেন রোহিত। বক্তব্য শুনে মনে হতে পারে, আইপিএলে এটাই তাঁর শেষ মরসুম। টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ভারতকে বিশ্বকাপ দেওয়া প্রাক্তন অধিনায়ক।

রোহিত সতীর্থদের বলেছেন, ‘‘সকলকে অনেক ধন্যবাদ। হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদব, শার্দূল ঠাকুর, লসিথ মালিঙ্গা, আমাদের কোচ সকলকে ধন্যবাদ। যাদের নাম বললাম না, তাদেরও ধন্যবাদ। দলের সঙ্গে যুক্ত সকলের কথা বলব। আজ আমি যেখানে পৌঁছেছি, সেটা সম্ভবই হত না মুম্বই ইন্ডিয়ান্স আমার সঙ্গে না থাকলে। সকলের অবদান রয়েছে আমার সাফল্যের নেপথ্যে। এই দলটা আমার কাছে একদম আলাদা। একদম অন্য রকম একটা ফ্র্যাঞ্চাইজ়ি। আমার মনের ভীষণ কাছের। যারা এই দলটার সঙ্গে যুক্ত তারাও। হ্যাঁ, আমরা পাঁচ বার ট্রফি জিতেছি। সকলের চেষ্টা ছাড়া এটা সম্ভবই হত না। যারা এই ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে যুক্ত, যাঁরা এই ফ্র্যাঞ্চাইজ়ি তৈরি করেছেন সকলের অবদান রয়েছে। আকাশ অম্বানী এখানে নেই। ওর কথাও বলতে হবে। দল নিয়ে ও খুব সচেতন।’’

Advertisement

রোহিত আরও বলেছেন, ‘‘প্রত্যেকের সাহায্য আমায় এখানে নিয়ে এসেছে। ক্রিকেটার হিসাবে, অধিনায়ক হিসাবে অনেক কিছু শিখিয়েছে। আমাকে গড়ে তুলেছে। বিশেষ করে নেতৃত্ব কী ভাবে দিতে হয়, সেটা তো এখানেই শিখেছি। অনেকের কাছেই আমি কৃতজ্ঞ। তাঁদের সহযোগিতা, পাশে থাকা আমাকে সাহস দিয়েছে। এখনও একজন সাধারণ ক্রিকেটার হিসাবে দুর্দান্ত সমর্থন পাচ্ছি। আমার এই দুর্দান্ত যাত্রাটার জন্য দলের সকলকে হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই তাদেরও ধন্যবাদ।’’

এর পরেই রোহিত মনে করিয়ে দিয়ে বলেছেন, ‘‘মুম্বই ইন্ডিয়ান্সের এখনও অনেক কিছু পাওয়ার রয়েছে। অর্জন করার রয়েছে। প্রত্যেক ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং দলের সঙ্গে যুক্ত সকলকে চেষ্টা করে যেতে হবে। ফ্র্যাঞ্চাইজ়ির ঐতিহ্য এগিয়ে নিয়ে যেতে হবে। আরও উঁচুতে নিয়ে যেতে হবে। আমার আস্থা রয়েছে। আরও এক বার সকলকে ধন্যবাদ।’’

রোহিতের আবেগঘন বক্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। তাঁদের আশা, রোহিতের উৎসাহের পর বেঙ্গালুরুর বিরুদ্ধে চেনা মেজাজে দেখা যাবে হার্দিকের দলকে।

Mumbai Indians Rohit Sharma retirement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy