Advertisement
E-Paper

শ্রেয়সের এক চ্যালেঞ্জেই এ বার অপ্রতিরোধ্য পঞ্জাব! সতীর্থদের ছক্কা মারার নেপথ্য কারণ ফাঁস অধিনায়কের

এ বারের আইপিএলে ছক্কা মারার প্রতিযোগিতা চলছে পঞ্জাব কিংসের ব্যাটারদের মধ্যে। তার নেপথ্যে রয়েছে অধিনায়ক শ্রেয়স আয়ারের এক চ্যালেঞ্জ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১২:২৪
cricket

শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।

অপ্রতিরোধ্য দেখাচ্ছে পঞ্জাব কিংসকে। এ বারের আইপিএলে একমাত্র অপরাজিত দল তারা। ছক্কা মারার প্রতিযোগিতা চলছে পঞ্জাব কিংসের ব্যাটারদের মধ্যে। তার নেপথ্যে রয়েছে অধিনায়ক শ্রেয়স আয়ারের এক চ্যালেঞ্জ। লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে সেই গোপন কথা ফাঁস করেছেন শ্রেয়স।

ম্যাচ জিতে শ্রেয়স জানিয়েছেন, সতীর্থদের একটি চ্যালেঞ্জ দিয়েছেন তিনি। পঞ্জাবের অধিনায়ক বলেন, “আমি কুপার ও প্রিয়াংশকে বিষয়টা বলেছি। ওদের বলেছি, চলো প্রতিযোগিতা করি। এ বারের আইপিএলে কে সবচেয়ে বেশি ছক্কা মারতে পারে? যে জিতবে তাকে আমার ব্যাট উপহার দেব। দেখে ভাল লাগছে, সকলে খুব লড়াই করছে।”

আইপিএলের প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৪টি ছক্কা মেরেছিল পঞ্জাব। তার পর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৯, সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৬ ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৯টি ছক্কা মেরেছে তারা। রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২১টি ছক্কা মেরেছেন পঞ্জাবের ব্যাটারেরা। প্রিয়াংশ আর্য ৯ ও কুপার কোনোলি ৭টি ছক্কা মেরেছেন।

ছক্কা মারার প্রতিযোগিতায় আপাতত এগিয়ে প্রিয়াংশ। এখনও পর্যন্ত ২০টি ছক্কা মেরেছেন তিনি। কোনোলি ও শ্রেয়স মেরেছেন ১৪টি করে ছক্কা। প্রভসিমরন সিংহের ব্যাট থেকে এসেছে ১১টি ছক্কা।

লখনউয়ের বিরুদ্ধে ৮০ বলে ১৮২ রানের জুটি গড়েছেন প্রিয়াংশ ও কোনোলি। সেই জুটিই দলকে জিতিয়েছে। শ্রেয়স জানিয়েছেন, তাঁর মন্ত্র হল ক্রিকেটারদের নিজের মতো খেলতে দেওয়া। পঞ্জাবের অধিনায়ক বলেন, “আমার মতে, ব্যাটারদের মাঠে নেমে নিজের মতো খেলতে দেওয়া উচিত। ওটাই আমার মন্ত্র। ওদের নিজস্ব পরিকল্পনা আছে। প্রস্তুতি আছে। তা হলে আমি বেশি কথা কেন বলব। খেলার আগে আমি আর পন্টিং কিছু কথা বলি। কিন্তু সেগুলো খুবই সাধারণ কথা। বাকিটা ওরা মাঠে নেমে করে।”

ছয় ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে পঞ্জাব। একটি খেলা ভেস্তে গিয়েছে। ১১ পয়েন্ট নিয়ে সকলের উপরে তারা। আর তিনটি ম্যাচ জিতলেই প্লে-অফ প্রায় পাকা করে ফেলবেন শ্রেয়সেরা। তবে শুধু তিন ম্যাচ নয়, গ্রুপের বাকি সব ম্যাচ জেতার লক্ষ্যে খেলছে পঞ্জাব।

সংক্ষেপে
  • আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
Shreyas Iyer Punjab Kings
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy