মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল জয় দিয়ে আইএসএলে যাত্রা শুরু করেছে। কিন্তু প্রথম ম্যাচেই জামশেদপুর এফসি-র বিরুদ্ধে হেরেছে কলকাতার আর এক শতাব্দীপ্রাচীন ক্লাব মহমেডান স্পোর্টিং। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে লাল-হলুদ শিবিরে যখন সদ্য যোগ দেওয়া আন্টন সোজবার্গ হরুপকে নিয়ে উচ্ছ্বাস, মহমেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর রাতের ঘুম উড়ে গিয়েছে স্ট্রাইকার-সমস্যায়।
ডেনমার্কের ২৫ বছর বয়সি স্ট্রাইকার সোজবার্গ বুধবারই কলকাতায় এসেছেন। চব্বিশ ঘণ্টার মধ্যেই নেমে পড়লেন মাঠে। যুবভারতীতে বৃহস্পতিবার বিকেলে তাঁর প্রথম দিনের অনুশীলনে খুশি সকলেই। দু’দিন বিশ্রামের পরে মাঠে নামায় কোচ অস্কার ব্রুসো এ দিন যদিও ম্যাচ অনুশীলন করাননি। তবে সোজবার্গের ছটফটে ভাব, বল ধরে দ্রুত ঘুরে যাওয়ায় দক্ষতায়সন্তুষ্ট তিনি।
বৃহস্পতিবার বিকেলে ইস্টবেঙ্গলের অনুশীলনে যখন আকর্ষণের কেন্দ্রে সোজবার্গ, মহমেডান মাঠে মেহরাজ ব্যস্ত থাকলেন রক্ষণের ভুলত্রুটি মেরামতিতে। এফসি গোয়া প্রথম ম্যাচে ঘরের মাঠে কোনও মতে ইন্টার কাশীর সঙ্গে ১-১ ড্র করলেও শক্তির বিচারে অনেক এগিয়ে বিদেশিহীন মহমেডানের চেয়ে।
কল্যাণীতে চব্বিশ ঘণ্টা আগেই বাংলাকে ছয় উইকেটে হারিয়ে প্রথম বার রঞ্জি ট্রফির ফাইনালে উঠে ইতিহাস গড়েছে জম্মু ও কাশ্মীর। নিজের রাজ্যের ক্রিকেট দলের সাফল্যে মহমেডান কোচ উচ্ছ্বসিত হলেও ফুটবলে গোয়াকে হারানো যে কার্যত অসম্ভব স্বীকার করে নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে অনুশীলনে নামার আগে সাংবাদিক বৈঠকে মেহরাজ বললেন, ‘‘আমাদের প্রধান সমস্যা স্ট্রাইকারের অভাব। অথচ ফিফার নিষেধাজ্ঞার জন্য নতুন কোনও ফুটবলারও নিতে পারছি না। যারা রয়েছে, তাদের নিয়েই লড়াই করে যেতে হবে।’’
মহমেডানের অভাবের সংসারে ভরসা বলতে ইসরাফিল দেওয়ান ও ফারদিন আলি মোল্লা। কিন্তু দু’জনের কেউ-ই আদর্শ স্ট্রাইকার নন। মূলত খেলেন উইঙ্গার হিসেবেই। সন্দেশ জিঙ্ঘন, পল মোরিনোদের টপকে গোল করার অগ্নিপরীক্ষার সামনে ইসরাফিলরা। উদ্বিগ্ন মেহরাজ বলছেন, ‘‘ঘরের মাঠে ম্যাচ হলেও গোয়ার মতো শক্তিশালী দলের মোকাবিলা করা বেশ কঠিন। তাই বুদ্ধি করে খেলতে হবে।’’ বুদ্ধি করে খেলার অর্থ হচ্ছে, রক্ষণাত্মক খেলে দেয়ান দ্রাজ়িচ, ব্রাইসন ফার্নান্দেসদের গোল করতে না দেওয়া। অনুশীলনেও সব চেয়ে জোর দিয়েছেন রক্ষণের ভুলত্রুটি মেরামতের উপরে। মেহরাজ বলছিলেন, ‘‘এই দলের অনেকেই প্রথম বার আইএসএলের মতো বড় মঞ্চে খেলছে। অভিজ্ঞতাও কম। প্রথম ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে হারলেও ছেলেরা দুর্দান্ত লড়াই করেছে। আশা করছি, জড়তা কাটিয়ে গোয়ার বিরুদ্ধে আরও ভাল খেলবে।’’
শুক্রবার আইএসএলে: মহমেডান বনাম গোয়া (কিশোর ভারতী স্টেডিয়াম সন্ধে ৭.৩০, সোনি স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার)।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)