Advertisement
E-Paper

বিশ্বকাপ ফুটবল আদৌ দেখা যাবে ভারতে? ৩৭ দিন আগেও অনিশ্চিয়তা! দরে পোষাচ্ছে না ফিফার

২০২৬ এবং ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বিক্রির প্রক্রিয়া ফিফা আগেই শুরু করেছে। প্রথমে স্বত্বের দাম রাখা হয় ১০ কোটি ডলার বা প্রায় ৯৩০ কোটি টাকা। এত টাকা দিতে ভারতের কোনও সংস্থা রাজি হয়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১৯:৩৪
picture of football

ফুটবল বিশ্বকাপের ট্রফি। —ফাইল চিত্র।

ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জট অব্যাহত। প্রতিযোগিতা শুরু হতে এক মাসের কিছু বেশি সময় রয়েছে। এখনও ভারতীয় ফুটবলপ্রেমীরা জানেন না কোন চ্যানেলে বিশ্বকাপের খেলা দেখা যাবে। সম্প্রচার স্বত্বের মূল্য নিয়ে ফিফা এবং রিলায়েন্স-ডিজনির এখনও সহমত হয়নি।

ফুটবল বিশ্বকাপ নিয়ে ভারতে উন্মাদনার অভাব নেই। লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের শ্রেষ্ঠত্বের লড়াই দেখার জন্য মুখিয়ে থাকেন ফুটবলপ্রেমীরা। অথচ এ বার যা পরিস্থিতি, তাতে খেলা দেখা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। একটি সংস্থা প্রথম দিকে বিশ্বকাপের খেলা সম্প্রচারের ব্যাপারে আগ্রহ দেখালেও পরে তারা পিছিয়ে গিয়েছে। তবে ফিফার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে রিলায়েন্স-ডিজনি।

২০২৬ এবং ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বিক্রির প্রক্রিয়া ফিফা আগেই শুরু করেছে। প্রথমে স্বত্বের দাম রাখা হয় ১০ কোটি ডলার বা প্রায় ৯৩০ কোটি টাকা। এত টাকা খরচ করে ভারতের কোনও সংস্থা সম্প্রচার স্বত্ব কিনতে রাজি হয়নি। এর পর ফিফা সাড়ে ৩ কোটি ডলার বা প্রায় ৩২৬ কোটি টাকা করে। তার পরও কোনও সংস্থা আগ্রহ দেখায়নি। শেষে রিলায়েন্স-ডিজনি ২ কোটি ডলার বা প্রায় ১৮৬ কোটি টাকার প্রস্তাব দিয়েছে। এত টাকায় আবার ফিফা সম্প্রচার স্বত্ব বিক্রি করতে রাজি নয়। সব মিলিয়ে অচলাবস্থা অব্যাহত।

শুধু ভারতে নয়, চিনেও ফুটবল বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত। চিনের কোনও সংস্থা ফিফার দাবি মতো দাম দিয়ে রাজি নয়। অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দু’টি দেশেই ফুটবল বিশ্বকাপের সম্প্রচার অনিশ্চিত। ফিফা জানিয়েছে, এখনও পর্যন্ত ১৭৫টি দেশে বিশ্বকাপের সম্প্রচার চূড়ান্ত হয়েছে। সেই তালিকায় ভারত এবং চিন নেই। উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন থেকে।

FIFA World Cup 2026 TV broadcast China fifa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy