Advertisement
E-Paper

সুভাষিত টালিগঞ্জেরও জয় অধরা

কোচ রঞ্জন চৌধুরী সরে গিয়ে টালিগঞ্জ অগ্রগামীর টেকনিক্যাল ডিরেক্টর পদে এসেছেন তিন বারের জাতীয় ও আই লিগ জয়ী কোচ সুভাষ ভৌমিক। কিন্তু তাতেও পরিস্থিতির কোনও বদল হল না মুর অ্যাভেনিউয়ের ক্লাবটির।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৫ ০২:৪০

কোচ রঞ্জন চৌধুরী সরে গিয়ে টালিগঞ্জ অগ্রগামীর টেকনিক্যাল ডিরেক্টর পদে এসেছেন তিন বারের জাতীয় ও আই লিগ জয়ী কোচ সুভাষ ভৌমিক। কিন্তু তাতেও পরিস্থিতির কোনও বদল হল না মুর অ্যাভেনিউয়ের ক্লাবটির। উল্টে তৃতীয় ম্যাচের মতোই লিগের চতুর্থ ম্যাচেও তিন পয়েন্ট খুইয়ে সুভাষ ভৌমিকের দল দেখতে শুরু করল অবনমনের রক্তচক্ষু।

ইস্টবেঙ্গল মাঠে টালিগঞ্জ অগ্রগামীই এ দিন অসীম বিশ্বাসের গোলে এগিয়ে গিয়েও সাইয়ের কাছে হারল ১-২। তা-ও ম্যাচের একদম শেষ লগ্নে পেনাল্টি নষ্ট করে। যেটা করলেন দীপেন্দু বিশ্বাস। সাইকে প্রথমার্ধেই সমতায় ফিরিয়েছিলেন শুভঙ্কর ঘোষ। দ্বিতীয়ার্ধে টালিগঞ্জের একের পর এক সুযোগ নষ্টের মধ্যে বরং সাইয়ের জয়সূচক গোল করে যান দীপ এক্কা।

এর আগে রঞ্জনের প্রশিক্ষণে লিগ টেবলের প্রথম সারির দল ইস্টবেঙ্গল ও আর্মি একাদশের কাছে হেরেছিল টালিগঞ্জ। কিন্তু লিগ তালিকায় শেষ চারে থাকা সাইয়ের কাছে হারের পর ফুটবলাররা নিজেরাও অবাক। টিডি সুভাষ ভৌমিক ফোন ধরেননি। টিমের সিনিয়র ফুটবলার দীপেন্দু বললেন, ‘‘কেন এ রকম হচ্ছে বুঝতে পারছি না। সাইয়ের কাছে হেরে সমস্যা বাড়ল আমাদের।’’

এগারো দলের ‘ওয়ান লেগ’ কলকাতা লিগে এমনিতেই এ বার চার দলের অবনমন হবে। ফলে চার ম্যাচ থেকে এক পয়েন্ট সংগ্রহ করে দশম স্থানে থাকা টালিগঞ্জ অগ্রগামী যে এই হারের ফলে আরও সমস্যায় পড়ল তা স্পষ্ট। তাদের পিছনে একমাত্র রয়েছে বিএনআর। এই মুহূর্তে শেষ চারে থাকা বাকি দুই দল কালীঘাট এমএস (চার ম্যাচে তিন) ও সাদার্ন সমিতি (পাঁচ ম্যাচে ছয়), যারা টালিগঞ্জের চেয়ে উপরে রয়েছে।

তারকাখচিত দল গড়েও এ বার টালিগঞ্জ কলকাতা লিগ শুরুর আগে কোনও প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ পায়নি। যা নিয়ে লিগের প্রথম ম্যাচের আগেই আশঙ্কা ব্যক্ত করেছিলেন দীপেন্দুদের প্রাক্তন কোচ রঞ্জন চৌধুরী। এ দিন রঞ্জনকে ফোন করা হলে তাঁর ফোনও বেজে গিয়েছে। ফলে পুরনো দল নিয়ে তাঁরও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

subhas bhowmick coaching win elusive tollygunj aggragami
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy