Advertisement
E-Paper

কাপ অন্দরমহলে

ব্রেন্ডন ম্যাকালাম বইছেন নিউজিল্যান্ডকে। কুমার সঙ্গকারা বইছেন শ্রীলঙ্কাকে। আর ইংল্যান্ডকে বইছে ব্রিটিশ এয়ারওয়েজ। সোমবার বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এ রকমই বিদ্রুপ চলছিল ইয়ন মর্গ্যানদের নিয়ে।

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৫ ০৩:৪১
এ বারের মতো শেষ মর্গ্যানদের বিশ্বকাপ। দেশে ফেরার পালা ইংল্যান্ডের সমর্থকদেরও। শুক্রবার সিডনিতে। ছবি: এএফপি।

এ বারের মতো শেষ মর্গ্যানদের বিশ্বকাপ। দেশে ফেরার পালা ইংল্যান্ডের সমর্থকদেরও। শুক্রবার সিডনিতে। ছবি: এএফপি।

মুখরক্ষা মর্গ্যানদের

ব্রেন্ডন ম্যাকালাম বইছেন নিউজিল্যান্ডকে। কুমার সঙ্গকারা বইছেন শ্রীলঙ্কাকে। আর ইংল্যান্ডকে বইছে ব্রিটিশ এয়ারওয়েজ। সোমবার বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এ রকমই বিদ্রুপ চলছিল ইয়ন মর্গ্যানদের নিয়ে। শুক্রবার সেটা আরও তীব্র হতে পারত শেষ ম্যাচে আফগানিস্তান অঘটন ঘটালে। কিন্তু বৃষ্টিবিঘ্নিত লড়াইয়ে ইংরেজরা সেই সুযোগ দেননি। গ্রুপের লাস্ট বয়কে ৯ উইকেটে হারিয়ে (ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে) কিছুটা হলেও মুখরক্ষা করলেন তাঁরা। আফগানিস্তানের ১১১-৭ (৩৬.২ ওভারে) তোলার পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হলে ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় ২৫ ওভারে ১০১। ৪১ বল বাকি থাকতেই জিতে যান মর্গ্যানরা। তবে জিতলেও ১৯৯৬-এর পর বিশ্বকাপে ইংল্যান্ডের সবচেয়ে জঘন্য পারফরম্যান্স এ বারই।

মরিয়া ক্লার্ক

কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত হয়ে গেলেও গ্রুপের শেষ ম্যাচে ঢিলেমি চান না মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার অধিনায়ক বরং শেষ আটে সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে জবরদস্ত একটা পারফরম্যান্স চান। শনিবার তাই স্কটল্যান্ডকে রেয়াত করবেন না, আগাম হুঙ্কার দিয়ে রেখেছেন মরিয়া ক্লার্ক। “কারা আমাদের মুখোমুখি হচ্ছে সেটা বড় কথা নয়। সবাই প্র্যাকটিসে আরও ভাল পারফর্ম করার জন্য প্রচণ্ড খাটছে। আমাদের ধারাবাহিকতা চাই।” অস্ট্রেলীয় শিবিরে আবার ক্লার্কের হ্যামস্ট্রিংয়ের চোট পুরোপুরি না সারা নিয়ে চিন্তাও রয়েছে। ক্যাপ্টেন নিজে যদিও বলে দিচ্ছেন, “আমি ফিটই আছি।”

সাইক্লোনের আশঙ্কা

নেপিয়ারে রবিবার প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস। যেখানে গ্রুপের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে আমিরশাহি। আর সাইক্লোনের জন্য ম্যাচের আগেই কপালে ভাঁজ ক্যারিবিয়ান টিমের। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায়। ক্রিস গেইলরা এখন চার পয়েন্ট নিয়ে গ্রুপে পাঁচ নম্বরে। পয়েন্ট টেবিলে তাঁদের আগে থাকা পাকিস্তান আর আয়ারল্যান্ডের দখলে ছয় পয়েন্ট। তবে এই তিন দলের মধ্যে রান রেটের দিক থেকে এগিয়ে ক্যারিবিয়ানরাই। তাই আমিরশাহিকে হারাতে পারলে বিশ্বকাপের শেষ আটে ওঠা নিশ্চিত জেসন হোল্ডারদের। তবে বৃষ্টির জন্য খেলা ভেস্তে গিয়ে পয়েন্ট ভাগাভাগি হলে ছিটকে যাবেন গেইলরা।

হতাশ ম্যাকগ্রা

বিশ্বকাপে ফাস্ট বোলিং দেখে খুশি নন গ্লেন ম্যাকগ্রা। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা আর অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ছাড়া আর কেউই কিংবদন্তি অস্ট্রেলীয় ফাস্ট বোলারের চোখে পড়েনি। “এরা দু’জন ছাড়া কাউকে সে ভাবে ইয়র্কার দিতে দেখিনি। এর জন্য নেটে সময় দিতে হবে।” এখনও ডেথ ওভারে রান আটকাতে ইয়র্কারই প্রধান অস্ত্র। তাই বোলারের ইয়র্কার দেওয়ার ক্ষমতাকে এত গুরুত্ব দিচ্ছেন ম্যাকগ্রা। “ছ’টা ঠিকঠাক ইয়র্কার দিলে এখনও সেটা খেলা সোজা নয়। এবি, স্মিথের মতো প্লেয়াররা হয়তো এতেও রান করার উপায় খুঁজে নেবে। সেটাও বেশ কঠিন।”

শেষ ম্যাচ

২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ব্রেন্ডন টেলর। ভারতের বিরুদ্ধে শনিবারের ম্যাচই জিম্বাবোয়ের জার্সিতে তাঁর শেষ ম্যাচ। জিম্বাবোয়ের অস্থায়ী অধিনায়কের ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত। তাঁর পরিবার নট্যিংহ্যামে চলে আসছে। তাই জিম্বাবোয়ের হয়ে তাঁর পক্ষে আর খেলা সম্ভব নয় বলে জানিয়ে দেন তিনি। তবে কাউন্টি ক্রিকেট চালিয়ে যাবেন টেলর।

world cup 2015
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy