বিয়ে করেও সেই সংসার টেকেনি। তিন সন্তানের মা, রয়েছে দুই নাতিও। বাবা-মা এবং ছেলেমেয়েদের নিয়ে সংসার। কিন্তু সংসারের খরচের ভার আর একা সামলাতে পারছিলেন না। বিবাহবিচ্ছেদের পর এক প্রৌঢ়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তরুণী। তাঁর সঙ্গে দীর্ঘকাল একত্রবাসে থাকাকালীন অন্য এক প্রৌঢ়ের প্রেমে পড়েন তিনি। পরে দুই প্রেমিকের সঙ্গে খোলামেলা আলোচনার পর দু’টি সম্পর্কই বজায় রেখেছিলেন তরুণী। সম্প্রতি একই মণ্ডপে দুই বিদেশি প্রেমিকের সঙ্গে বিয়ে সারলেন। নিলেন লক্ষ লক্ষ টাকা যৌতুকও।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৩৭ বছর বয়সি তরুণীর নাম দুয়াংদুয়ান কেটসারো। তাইল্যান্ডের বাসিন্দা তিনি। বিয়ের পর তিন সন্তানের জন্ম দেন দুয়াংদুয়ান। দুই নাতিও রয়েছে তাঁর। কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। গায়িকা হিসাবে উপার্জন করবেন বলে স্থির করেছিলেন দুয়াংদুয়ান। কিন্তু সেই পেশায় সফল হতে পারেননি তরুণী। বাবা-মা এবং সন্তানদের দিয়ে সংসার। তার খরচের ভার সামলাতে পাটায়ার এক পর্যটন সংস্থায় চাকরি শুরু করেন তিনি। সেই সূত্রে তাঁর সঙ্গে আলাপ হয় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার রোমানের। অস্ট্রিয়ার বাসিন্দা তিনি। রোমানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন দুয়াংদুয়ান।
পাঁচ বছর একত্রবাসও করেছেন দু’জনে। রোমানের সঙ্গে একত্রবাসে থাকার সময় আরও এক প্রৌঢ়ের প্রেমে পড়ে যান দুয়াংদুয়ান। তরুণীর দ্বিতীয় প্রেমিকও অস্ট্রিয়ার বাসিন্দা। নতুন প্রেমিক ম্যাকি পেশায় পুলিশ অফিসার। প্রথমে ম্যাকির সঙ্গে গোপনে প্রেম করলেও কিছু দিন পর রোমানকে দ্বিতীয় সম্পর্কের কথা জানিয়ে দেন দুয়াংদুয়ান। তিনি যে একই সঙ্গে দু’টি সম্পর্ক বজায় রাখতে চান, সেই ইচ্ছাও প্রকাশ করেন।
আরও পড়ুন:
দুয়াংদুয়ানের ইচ্ছায় সম্মতি জানান তাঁর দুই প্রেমিকও। তরুণীকে বিয়ের সিদ্ধান্তও নেন তাঁরা। দুয়াংদুয়ান তাঁর পরিবার এবং সন্তানদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন। সকলেই বিয়ের সিদ্ধান্তে সম্মতি জানান। একই মণ্ডপে দুই প্রেমিকের সঙ্গে বিয়ে সারেন দুয়াংদুয়ান। রোমান এবং ম্যাকি যে ভাগাভাগি করে দুয়াংদুয়ানের সংসারের দায়িত্ব নেবেন, সেই প্রতিশ্রুতিও দেন তাঁরা। বিয়ে উপলক্ষে দুই বরের কাছ থেকে যৌতুক আদায় করেন তরুণী। দু’জনের তরফে দুয়াংদুয়ানকে দশ লক্ষ ভাট (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২৮ লক্ষ ৮১ হাজার ৫৪১ টাকা) যৌতুক দেওয়া হয়।