Advertisement
E-Paper

বৃষ্টিতে ধসে পড়ল ছাদের একাংশ! জলে ভাসল চারদিক, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের, বিদেশের বিমানবন্দরের ভিডিয়ো ভাইরাল

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভারী বৃষ্টিপাতের কারণে বিমানবন্দরের অন্যতম প্রধান আন্তর্জাতিক টার্মিনাল ৩-এর ভিতরে এই ধস নামে। স্থানীয় সময় আনুমানিক দুপুর পৌনে ২টো নাগাদ টার্মিনালটির ৭ নম্বর গেটের ছাদের একাংশ ভেঙে পড়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১০:৫১

ছবি: এক্স থেকে নেওয়া।

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ইন্দোনেশিয়ার বিমানবন্দরের ছাদের একাংশ। সোমবারের রাজধানী জাকার্তার সুকর্ন-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এর ছাদের একটি অংশ ধসে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। টার্মিনালের ভিতরে ছাদের অংশ ভেঙে পড়তে শুরু করলে যাত্রীরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকেন। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভারী বৃষ্টিপাতের কারণে বিমানবন্দরের অন্যতম প্রধান আন্তর্জাতিক টার্মিনালের ভিতরে এই ধস নামে। স্থানীয় সময় আনুমানিক দুপুর পৌনে ২টো নাগাদ টার্মিনালটির ৭ নম্বর গেটের ছাদ ভেঙে পড়ে। জলের চাপেই ছাদের কাঠামো ভেঙে পড়ে। হু হু করে জল পড়তে থাকে ছাদের ভাঙা অংশ দিয়ে। এক্স হ্যান্ডলের ‘অ্যাভিয়েশনবিআরকে’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, ছাদ থেকে অঝোরে জল পড়ছে। এর পর হঠাৎ ছাদের ধাতব প্যানেলগুলো ভেঙে পড়ে। আতঙ্কিত যাত্রীরা এ দিক-ও দিক পালাতে শুরু করেন। প্রথমে বিমানবন্দরের ছাদের একেবারে ওপরের একটি ছিদ্র দিয়ে জল পড়তে শুরু করে। ছিদ্রটি ক্রমাগত বাড়তে বাড়তে এক সময় ছাদ ভেঙে পড়ে। ছাদের নীচে রাখা টিভির ওপর জল এসে পড়ে। তবে এই ঘটনায় কেউ আহত হননি বলেই খবর।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, শহরে টানা প্রবল বৃষ্টির মধ্যেই এই ঘটনাটি ঘটেছে। সুকর্ন-হাত্তা বিমানবন্দরের আধিকারিক ইউদিস্টিয়াওয়ান জানিয়েছেন যে, দুর্ঘটনা পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া হয়েছে। বিমানবন্দরের পরিচালনকর্তারা তাৎক্ষণিক ভাবে বিষয়টি সামাল দিয়েছেন। যাত্রী পরিষেবা অক্ষুণ্ণ রাখার জন্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কার করে দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। বিমানবন্দরের কর্মীরা ভবনটির পরিকাঠামো ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন। সম্ভাব্য ক্ষয়ক্ষতির আভাস পাওয়া গেলে আশপাশের এলাকা থেকে যাত্রী ও কর্মীদের সরিয়ে দেওয়া হবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন।

Advertisement
Indonesia Jakarta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy