খুদে শরীরের উপর দিয়ে চলে গেল ভারী এসইউভির চাকা। তার পরেও দিব্যি উঠে দাঁড়াল খুদে। যেন কিছুই ঘটেনি! অলৌকিক সেই ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ইনদওরের একটি আবাসিক এলাকার ঘটনা। বাড়ির বাইরে খেলার সময় এক শিশুকে চাপা দেয় একটি দ্রুতগামী গাড়ি। কয়েক সেকেন্ড পর সবাইকে অবাক করে দিয়ে শিশুটি এমন ভাবে উঠে দাঁড়ায় যেন কিছুই হয়নি! ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদন অনুসারে, ঘটনাটি মঙ্গলবার বিকেলে বম্বে হাসপাতালের পিছনে অভিজাত শান্তিনিকেতন কলোনিতে ঘটেছে। এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়ে। বুধবার সেই ফুটেজটি ভাইরাল হয়। ভিডিয়োয় দেখা গিয়েছে, দুই শিশু একটি আবাসন চত্বরের পার্কিং এলাকায় খেলছে। পিছন থেকে একটি গাড়ি বাঁক নিতে গেলেই ঘটে যায় দুর্ঘটনা। গাড়ি আসতে দেখে এক নাবালক সরে গিয়ে কোনও রকমে রক্ষা পায়। অন্য জনের পা গাড়ির একটি চাকায় আটকে যাওয়ায় সে মাটিতে পড়ে যায়। এর পর গাড়িটি শিশুটিকে চাপা দেয়। গাড়ির দু’টি চাকা নাবালককে পিষে দিলেও অদ্ভুত ভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই সে মাটি থেকে উঠে দাঁড়ায়। গাড়ির মালিক সঞ্জয় আগরওয়াল ও চালক দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা নাবালককে পরীক্ষা করেন। তার পায়ের হাড়ে চিড় ধরেছে বলে জানা গিয়েছে। সঞ্জয় আর তাঁর গাড়ির চালককে থানায় ডেকে পাঠানো হয়। মঙ্গলবারই চালকের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে সঞ্জয় গুপ্ত নামের এক সাংবাদিক শেয়ার করেছেন। ভিডিয়োটি দেখে আঁতকে উঠেছেন নেটাগরিকেরা। তাঁদের মতে ঘটনাটি এতটাই মারাত্মক ছিল যে তা মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারত। সৌভাগ্যবশত, ছেলেটি বেঁচে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকে।