Advertisement
E-Paper

চলন্ত বাইকে উঠে দু’হাত মেলে ‘ওড়ার’ স্টান্ট তরুণের, সাক্ষী রইল পুলিশের টহলদারি গাড়ি! ভিডিয়ো ছড়াতেই উপযুক্ত ব্যবস্থা

কাছাকাছি পুলিশের গাড়ি থাকা সত্ত্বেও তরুণ বেপরোয়া ভাবে বাইক চালাচ্ছিলেন। আরোহী ও চালক কারও হেলমেটের বালাই ছিল না। বাইকটি দ্রুত গতিতে চালাতে চালাতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়েন চালক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ০৯:০৩

ছবি: সংগৃহীত।

বাইক চালাতে চালাতে হাতল ছেড়ে সটান সিটের উপর উঠে দাঁড়িয়ে পড়লেন এক তরুণ। গত ৩ এপ্রিল রাত ৯টার দিকে দিল্লির কোতোয়ালি সার্কেল এলাকায়, সুভাষ পার্ক সড়কের উপর ঘটনাটি ঘটেছে। পুলিশের গাড়ির সামনেই বাইকের উপর চড়ে তরুণ বিপজ্জনক স্টান্টটি করছিলেন। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদ প্রতিবেদন অনুসারে, ভাইরাল ভিডিয়োটি পুলিশের নজরে পড়তেই বাইকচালক তরুণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তরুণকে শনাক্ত করে দিল্লি পুলিশ। ভিডিয়োটিতে দেখা যায়, কাছাকাছি পুলিশের গাড়ি থাকা সত্ত্বেও তরুণ বেপরোয়া ভাবে বাইক চালাচ্ছিলেন। আরোহী ও চালক কারও হেলমেটের বালাই ছিল না। বাইকটি দ্রুত গতিতে চালাতে চালাতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়েন চালক। দু’হাত শূন্যে ছড়িয়ে ডানা মেলার ভঙ্গিতে বাইকটিকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন তরুণ। ওই অবস্থাতেই একটি পুলিশের গাড়ি অতিক্রম করে এগিয়ে যান। বিপজ্জনক ভাবে আঁকাবাঁকা পথে বাইক চালাচ্ছিলেন তরুণ। এতে শুধু তাঁর নিজের জীবনের ঝুঁকিই ছিল না, বরং রাস্তার অন্যান্য যাত্রীদেরও বিপদে ফেলতে পারতেন তিনি, বলে মনে করছে ট্রাফিক পুলিশ।

ভিডিয়োটি ‘সাদ্দামশুটার’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক হাজার বার দেখা হয়েছে। প্রচুর মানুষ ভিডিয়োটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন। নিয়মের তোয়াক্কা না করে বাইক চালানোর জন্য একাধিক ধারায় তাঁকে জরিমানা করেছে পুলিশ। গাড়িটির রেজিস্ট্রেশন সার্টিফিকেটও বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement
Delhi Bike Stunt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy