বেঙ্গালুরুতে প্রবল দুর্যোগ। অঝোরে পড়ছে বৃষ্টি। রাস্তায় জল জমে দীর্ঘ যানজট এবং দুর্ভোগ। সেই বিশৃঙ্খলা ও কঠিন পরিস্থিতির মাঝে এমন একটি দৃশ্য প্রকাশ্যে এসেছে যা মানুষের মন জয় করে নিয়েছে। প্রবল প্রাকৃতিক দুর্যোগের মাঝেও এক ট্র্যাফিক পুলিশকর্মীর মানবতার গল্প ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে যখন মানুষ নিজেকেই বাঁচাতে ব্যস্ত ছিলেন, তখন এই পুলিশকর্মী এক অসহায় ব্যক্তিকে সাহায্য করেন। এই ঘটনা প্রমাণ করে, প্রকৃত নায়ক তাঁরাই যাঁরা কঠিন সময়ে এগিয়ে আসতে পারেন। নিজের সুবিধা-অসুবিধাকে তুচ্ছ করে দেন। সেই ঘটনারই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ভারী বৃষ্টির কারণে রাস্তাঘাট পুরোপুরি ডুবে গিয়েছে বেঙ্গালুরুর বাতারায়ানাপুরা এলাকায়। রাতের দিকে এক প্রতিবন্ধী যুবক রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু জল ও তীব্র যানজটের কারণে তিনি বার বার আটকে পড়েন। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, সামান্য এক পা ফেললেও সেটি তাঁর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। পাশ দিয়ে যাওয়া দ্রুত গতির যানবাহন এবং বাড়তে থাকা জল তাঁর দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছিল। এই পরিস্থিতিতে ‘দেবদূতের’ মতো এগিয়ে এলেন কর্তব্যরত ট্র্যাফিককর্মী অনিল কুমার। তরুণকে বিপদগ্রস্ত দেখে প্রথমে যান চলাচল ধীর করে দেন। তার পর নিজে যুবকটিকে কাঁধে তুলে নেন। সাবধানে তাঁকে জলমগ্ন রাস্তা পার হতে সাহায্য করেন। প্রবল বৃষ্টি এবং প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও, তিনি ধৈর্য সহকারে প্রতিবন্ধী তরুণকে নিরাপদে অপর পারে পৌঁছে দেন। সেই ভিডিয়োটিই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিয়োটি ‘কর্নাটকপোর্টফোলিয়ো’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর ইতিমধ্যেই প্রচুর মানুষ তা দেখেছেন। ভিডিয়োটি দেখে বহু মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। পুলিশকর্মীর সহৃদয়তা মন ছুঁয়ে গিয়েছে নেটমাধ্যম ব্যবহারকারীদের। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এঁরাই প্রকৃত নায়ক।’’ দ্বিতীয় এক নেটাগরিক লিখেছেন, ‘‘কর্তব্য ও মানবিকতা হাত ধরাধরি করে কাজ করেছে।’’