চলন্ত ট্রেন থেকে ঝুঁকে পড়ে স্টান্ট দেখিয়ে রিল বানানোর শখ জেগেছিল তরুণের। কিন্তু সেই শখ পূরণ করতে ভয়ানক বিপদের সম্মুখীন হন তিনি। হাত ছড়িয়ে রেলের কামরার সিঁড়িতে নেমে চলন্ত ট্রেনের বাইরে ঝুঁকে পড়েছিলেন তরুণ। রেললাইনের ধারের খুঁটিতে সজোরে ধাক্কা খেয়ে কামরা থেকে ছিটকে পড়ে যান তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এলডিফোবিয়াওয়াচ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণ রেলকামরার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন। বাইরের দিকে ঝুঁকে তিনি এক নজরে দেখে দিলেন যে, উল্টো দিক থেকে কোনও ট্রেন আসছে কি না। কোনও দিক থেকেই ট্রেন আসছে না দেখে নিশ্চিন্ত হলেন তরুণ। তার পর সিঁড়ি দিয়ে কয়েক ধাপ নেমে পিছনে ঝুঁকে পড়ে এক হাত ছড়িয়ে দিলেন তরুণ। আসলে, রিল বানানোর জন্য এই বিপজ্জনক স্টান্ট করছিলেন তিনি। তাঁর এক বন্ধু ক্যামেরা চালু করে কামরার ভিতরেই দাঁড়িয়েছিলেন।
রিল বানাতে গিয়ে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হলেন তরুণ। পিছনের দিকে অনেকটা ঝুঁকে পড়ায় রেললাইনের ধারের খুঁটিতে জোরে ধাক্কা খেলেন তিনি। চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে গেলেন তরুণ। দুর্ঘটনার হঠকারিতায় চালু অবস্থায় ক্যামেরা সরিয়ে ফেললেন তরুণের বন্ধু। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
এমনকি, তরুণ বর্তমানে কী অবস্থায় রয়েছে, তা-ও জানা যায়নি। তবে, ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে যেতে ক্ষোভপ্রকাশ করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘রিল বানানোর জন্য জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না কেউ কেউ। কী ভয়ানক বিপদ! তরুণ এখন কী অবস্থায় রয়েছেন তা ভেবেই চিন্তা হচ্ছে।’’