Advertisement
E-Paper

বরযাত্রী নিয়ে বেরোনোর মুখে প্রতিশোধ নিলেন প্রতিবেশী! বিদ্যুৎসংযোগ ছিন্ন হল হবু বরের বাড়ির, ভাইরাল ভিডিয়ো

তরুণ জানান, দু’মাস আগে তিনি বিদ্যুতের সংযোগ নিয়েছিলেন। সমস্ত বিলও তিনি মিটিয়ে দিয়েছেন। তা সত্ত্বেও বিনা নোটিসে বিদ্যুৎ বিভাগের তরফে সংযোগ কেটে দেওয়া হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আত্মীয়স্বজন-বন্ধুবান্ধব সকলেই বিয়ের অনুষ্ঠানে মেতে রয়েছেন। হবু বরকে ঘিরে চলছে নাচগান। বরযাত্রী সবেমাত্র যাত্রা শুরু করবে, ঠিক তখনই বিদ্যুতের খুঁটিতে উঠে হবু বরের বাড়ির বিদ্যুৎসংযোগ ছিন্ন করে দিলেন লাইনম্যান। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘জ়িন্দেগি.গুলজ়ার.এইচ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গি‌য়েছে যে, এক তরুণ বিদ্যুতের খুঁটিতে উঠে সংযোগ ছিন্ন করছেন। রাস্তায় বরের বেশে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। তাঁকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন আত্মীয়স্বজন। বৃহস্পতিবার এই ঘটনাটি উত্তরপ্রদেশের বিজনৌরের নুরপুর এলাকায় ঘটেছে। ২৪ বছর বয়সি তরুণের নাম শুভম চৌহান। বিয়ের দিন বরযাত্রী নিয়ে বেরোনোর সময় এক জন লাইনম্যান এসে তাঁর বাড়ির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে শুভমের দাবি।

তরুণ জানান, দু’মাস আগে তিনি বিদ্যুতের সংযোগ নিয়েছিলেন। সমস্ত বিলও তিনি মিটিয়ে দিয়েছেন। তা সত্ত্বেও বিনা নোটিসে বিদ্যুৎ বিভাগের তরফে সংযোগ কেটে দেওয়া হয়। পরে বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে সুপারইনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ধর্মরাজ সিংহ জানিয়েছেন, যে লাইনম্যান খুঁটিতে উঠেছিলেন তিনি বিদ্যুৎ বিভাগের সঙ্গে চুক্তির ভিত্তিতে কাজ করেন।

তদন্তে জানা গিয়েছে, শুভমের সঙ্গে এক প্রতিবেশীর টাকাপয়সা নিয়ে কিছু ঝামেলা হয়েছিল। সেই ঝামেলার শোধ তুলতে লাইনম্যানের সঙ্গে যোগসাজশ করে বরের বাড়ির বিদ্যুৎসংযোগ ছিন্ন করার ষড়যন্ত্র করেছিলেন। শুক্রবার সকালেই আবার শুভমের বাড়িতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তদন্ত করে দোষীর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

Viral Video Wedding Ceremony Electricity Department Uttar Pradesh Bijnor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy