পশুদেরও মন থাকে। থাকে মমতা এবং ভালবাসা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়া এক ভিডিয়ো সেই ভাবই আমাদের সামনে তুলে ধরল। কিন্তু একটু অন্য রকম আদলে সেই ভাবের প্রকাশ ঘটল। উত্তরপ্রদেশের মুজ়ফ্ফরনগরের চারথাওয়ালের ঘটনা। তিন মাস বয়সি শিশুকে ‘আটক’ করে বসল এক মেয়ে বাঁদর। কিন্তু তাকে কোনও রকম ভাবে আঘাত করল না সে। উল্টে শিশুটিকে আদরে ভরাল বাঁদরটি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সূত্র অনুযায়ী, চলতি সপ্তাহের বুধবার এই ঘটনাটি ঘটেছে। বাড়ির লোকজনের ধারণা, বাড়ির ছাদ থেকে বাঁদরটি ঘরের মধ্যে প্রবেশ করেছে। শিশুটির মা বাচ্চার কান্না শুনে সেই ঘরে এসে দেখতে পান খাটে তাঁর বাচ্চার পাশে বসে রয়েছে একটি বাঁদর। তিনি ভয়ে চিৎকার করে ওঠেন। তখন প্রতিবেশীরা সেখানে জড়ো হন। আনুমানিক দু’ঘণ্টা পর বনদফতরের লোকজন ডেকে বাঁদরটির কবল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। বনদফতরের আধিকারিক সানি চোপড়া জানিয়েছেন, বাঁদরটি একটি মা বাঁদর। শিশুটিকে দেখে সে তার নিজেরই বাচ্চা ভেবেছিল। তাই তাকে আর ছাড়তে চাইছিল না।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিছানার উপর শুয়ে রয়েছে এক শিশু। তাকে জাপটে ধরে বসে রয়েছে একটি বাঁদর। সে এক বার শিশুটির হাত মুখের সামনে নিয়ে গন্ধ শুঁকছে, কখনও আবার শিশুর জামা ধরে দেখছে। কিন্তু কোনও মতে শিশুকে কাছছাড়া করছে না। তাকে আঘাতও করছে না। আশপাশের মানুষজন তার কাছ থেকে শিশুকে সরানোর চেষ্টা করলে সে আবার আলতো করে তার উপর উঠে যাচ্ছে। বাচ্চাটির আঘাত লাগছে কি না সে দিকেও খেয়াল রাখছে। শিশুটিও বাঁদরটিকে একদৃষ্টে দেখে চলেছে। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
‘ঘর কে কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। বাঁদরটির মাতৃত্বসুলভ আচরণের প্রশংসা করেছেন নেটাগরিকেরা।