Advertisement
E-Paper

পাড়ার ছেলে বিয়ে করেছে, ‘উদ্‌যাপনে’ মদ খাওয়ানোর আবদার! বাধা পেয়ে বরকেই মারধর তরুণদের, ভিডিয়ো ভাইরাল

তরুণের অভিযোগ, নতুন বৌ নিয়ে বাড়িতে পৌঁছোতেই কয়েক জন প্রতিবেশী তাঁদের বাড়িতে ভিড় জমান। তাঁর বাড়িতে তখন অতিথিরা খাওয়াদাওয়া করছিলেন। সকলের সামনে মহেশ এবং তাঁর মায়ের কাছে মদ খাওয়ানোর জন্য টাকা চান প্রতিবেশীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৫:৩৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পাড়ার ছেলের বিয়ে হয়েছে। সারা এলাকায় খুশির আমেজ। সেই খুশিতে ভাগ বসাতে চাইলেন কয়েক জন প্রতিবেশী। নতুন বৌকে নিয়ে আসার পর বিয়েবাড়িতে ঢুকে পড়লেন তাঁরা। প্রতিবেশীর কাছে মদ খাওয়ানোর আবদার করতে লাগলেন, টাকাও চাইলেন। কিন্তু সেই আবদার না রেখে স্পষ্ট মানা করে দেওয়া হয়। মুখের উপর ‘না’ শুনে রেগে যান তরুণের দল। প্রতিবেশীর বাড়িতে অশান্তি শুরু করেন তাঁরা। বাধা দিতে এলে নবদম্পতির পাশাপাশি ছেলের মাকেও মারধর করেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘পিটিআইনিউজ়_মাল্টিমিডিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণের গলায় কাটা দাগ। কয়েক জন প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন তিনি। তরুণের মা-ও সেই প্রসঙ্গে মন্তব্য করেছেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সেই তরুণ মধ্যপ্রদেশের গ্বালিয়রের পাটাই গ্রামের বাসিন্দা। তাঁর নাম মহেশ জাতভ। গত ৩০ মার্চ বিয়ে করেছেন মহেশ। তরুণের অভিযোগ, নতুন বৌ নিয়ে বাড়িতে পৌঁছোতেই কয়েক জন প্রতিবেশী তাঁদের বাড়িতে ভিড় জমান। তাঁর বাড়িতে তখন অতিথিরা খাওয়াদাওয়া করছিলেন।

সকলের সামনে মহেশ এবং তাঁর মায়ের কাছে মদ খাওয়ানোর জন্য টাকা চান প্রতিবেশীরা। কিন্তু তাতে আপত্তি জানান দু’জনেই। তা শুনে মহেশের সঙ্গে অশান্তি শুরু করেন তাঁরা। সেই অশান্তি হাতাহাতির পর্যায়ে পৌঁছোলে মহেশের মা এবং নতুন বৌ বাধা দেওয়ার চেষ্টা করেন।

Advertisement

অভিযোগ, হাতাহাতির সময় তাঁদেরও আঘাত করেন প্রতিবেশীরা। বাড়িতে লুটপাট চালিয়ে জোর করে টাকা আদায় করে চলে যান। এমনকি, বাড়ির কিছু জিনিসপত্রও চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। মহেশ, তাঁর মা এবং নববধূর প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। প্রতিবেশীদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছে মহেশের পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মধ্যপ্রদেশ পুলিশ।

Viral Video Bride Groom Viral Video Madhya Pradesh Gwalior
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy