Advertisement
E-Paper

জন্মদিনে মদ খেয়ে ‘বেহুঁশ’! পুলিশকে ধাক্কা মেরে বনেটে তুলে ৮০০ মিটার এঁকেবেঁকে গাড়ি চালালেন তরুণ, ভাইরাল ভিডিয়ো

অভিযোগ, মদ খেয়ে গাড়ি চালিয়ে রবিবার সকালে এক বন্ধুর বাড়ি যাচ্ছিলেন ২৪ বছর বয়সি তরুণ। মদ্যপ অবস্থায় তাঁর মার্সিডিজ় অন্য একটি গাড়িতে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা খায় গাড়িটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৮:৫১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জন্মদিন উপলক্ষে মাঝরাত থেকেই পার্টি শুরু হয়ে গিয়েছিল তরুণের। সারা রাত পার্টি করে মদ খেয়ে সকালে গাড়ি চালিয়ে এক বন্ধুর বাড়ি যাচ্ছিলেন তিনি। তখনই একটি গাড়িকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তরুণ। মাঝরাস্তায় পুলিশ তাঁকে আটক করতে চাইলে পুলিশকর্মীকেই ধাক্কা মেরে দেন। প্রাণ বাঁচাতে গাড়ির বনেটে লাফিয়ে ওঠে পুলিশ। সেই পরিস্থিতিতে ৮০০ মিটার পথ পুলিশকে বনেটে চাপিয়ে সাপের মতো এঁকেবেঁকে গাড়ি চালিয়ে যান তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘হেট ডিটেক্টর’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মার্সিডিজ়ের বনেটে উপুড় হয়ে শুয়ে রয়েছে এক পুলিশ। সেই অবস্থায় গাড়ির চালক ইউ-টার্ন নিয়ে গাড়ি ছোটাচ্ছেন। পুলিশ সূত্রে খবর, রবিবার এই ঘটনাটি তেলঙ্গানার গাছিবাউলির নানকরামগুদা এলাকায় সকাল সাড়ে ১০টায় ঘটেছে। গাড়ির চালকটির নাম জি তরুণ। শনিবার জন্মদিন উপলক্ষে সারা রাত পার্টি করেছিলেন তিনি। অভিযোগ, মদ খেয়ে গাড়ি চালিয়ে রবিবার সকালে এক বন্ধুর বাড়ি যাচ্ছিলেন ২৪ বছর বয়সি তরুণ।

মদ্যপ অবস্থায় তাঁর মার্সিডিজ় অন্য একটি গাড়িতে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা খায় গাড়িটি। ট্রাফিক পুলিশ থামানোর চেষ্টা করলেও গাড়ি ছুটিয়ে চলে যান তরুণ। পরে পুলিশকে খবর দেওয়া হলে নিকটবর্তী এলাকায় যে কনস্টেবল ছিলেন, তিনি তরুণের গাড়ি লক্ষ করে তার সামনে দাঁড়িয়ে পড়েন। তরুণ প্রথমে এমন ভাব করেন যেন, পুলিশকে দেখে ভয় পেয়েছেন।

কিন্তু মুহূর্তের মধ্যে পুলিশকে ধাক্কা দিয়ে গাড়ি চালাতে শুরু করেন তরুণ। প্রাণে বাঁচতে গিয়ে পুলিশ গাড়ির বনেটের উপর লাফিয়ে উঠে পড়েন। সেই অবস্থায় আরও ৮০০ মিটার পথ সাপের মতো এঁকেবেঁকে গাড়ি চালিয়ে নিয়ে যান তরুণ। প্রত্যক্ষদর্শীরা তার পর গাড়িটি মাঝরাস্তায় দাঁড় করিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। জানা গিয়েছে, এই ঘটনায় কনস্টেবল সামান্য আহত হয়েছেন। গাড়িটি বাজেয়াপ্ত করে জন্মদিনেই তরুণকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।

Viral Video Telangana Telangana Police Road Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy