বয়স ৭০ পেরিয়েছে। অতিক্রান্ত করে ফেলেছেন জীবনের অধিকাংশ সময়ই। কিন্তু স্বপ্ন যে বয়স মানে না। ৭৩ বছর বয়সে হিমাচল প্রদেশ গিয়ে প্যারাগ্লাইডিং করে তাক লাগালেন এক বৃদ্ধা। সত্তরোর্ধ্ব বৃদ্ধার প্যারাগ্লাইডিংয়ের ভিডিয়োটি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিডিয়োটি ভারতের অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য সুপরিচিত গন্তব্য বীর বিলিঙে ক্যামেরাবন্দি করা হয়েছিল। প্যারাগ্লাইডিং প্রশিক্ষক অরুণ সিংহ সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেন। বৃদ্ধার প্যারাগ্লাইডিংয়ের মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন তিনি।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, স্বপ্নের ডানায় ভর করে ‘উড়ছেন’ বৃদ্ধা। আত্মবিশ্বাসের সঙ্গে শান্ত ভাবে প্যারাগ্লাইডিং করছেন। ভিডিয়োয় প্যারাগ্লাইডিং করার সময় মহিলাকে শান্ত ও স্বাভাবিক ভাবে কথা বলতেও দেখা গিয়েছে। কথোপকথনের সময় প্রশিক্ষক মহিলাকে তাঁর বয়স সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জানান যে তাঁর বয়স ৭৩ বছর। বৃদ্ধা স্পষ্ট করে আরও বলেন, তিনি এই ধরনের কার্যকলাপে সম্পূর্ণ নতুন নন। এর আগে মুসৌরিতেও একই রকম ভাবে প্যারাগ্লাইডিং করেছিলেন তিনি।
আরও পড়ুন:
বৃদ্ধার ইতিবাচক মনোভাব এবং নতুন অভিজ্ঞতা অর্জনের ইচ্ছার কারণে ভিডিয়োটি ইতিমধ্যেই নেটপাড়ার দৃষ্টি আকর্ষণ করেছে। বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমন অনেকে আবার বৃদ্ধার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘আমিও এই ঠাকুমার মতো হতে চাই।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আপনাকে কুর্নিশ। নিজের মতো করে জীবনযাপন করুন। স্বপ্নকে কখনও ছেড়ে দেবেন না।’’