গিয়েছিলেন দোকানে। দুপুরে এসে বাড়িতে খাওয়ার কথা ছিল তাঁর। সন্ধ্যায় ওই ব্যক্তির অসুস্থতার খবর নিয়ে এলেন তাঁরই এক বন্ধু। বন্ধুর বাড়িতে গেলে ওই সোনা ব্যবসায়ীর দেহ মেলে।
শনিবার ঘটনাটি ঘটেছে বসিরহাটের ইটিন্ডায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পান্নালাল সিংহ (৪২)। তাঁর বাড়ি মুকুন্দকাটি গ্রামে। ময়না-তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। মৃতের ভাই হীরালাল সিংহের অভিযোগের ভিত্তিতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইটিন্ডার ধোপার মোড়ের কাছে পান্নালালবাবুর একটি সোনার দোকান আছে। এ দিন সকালে দোকান খোলার জন্য তিনি বাড়ি থেকে বের হন। দুপুরে তাঁর বাড়িতে এসে খাওয়ার কথা ছিল। কিন্তু বাড়ি না ফেরায় পরিবারের সদস্যেরা খোঁজখবর শুরু করেন। সন্ধ্যা নাগাদ মাসুদ মণ্ডল নামে পান্নালালের এক বন্ধু তাঁর বাড়িতে এসে খবর দেন, পান্নালালবাবু মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। কেউ গিয়ে তাঁকে যেন হাসপাতালে ভর্তি করে।
মৃতের স্ত্রী রূপালিদেবী জানান, মাসুদের বাড়িতে শ্বাশুড়ি ও দেওরকে নিয়ে যান তিনি। দেখেন, একটি ঘরে স্বামী শুয়ে রয়েছেন। শরীর ঠান্ডা। সেখান থেকে স্বামীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, এই ঘটনার পরে গা ঢাকা দেন মাসুদ ও তাঁর পরিবারের লোকজন। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
হীরালালবাবু বলেন, ‘‘মাসুদ দাদার বন্ধু ছিল। তবে দাদা যদি সত্যিই মদ খেয়ে অসুস্থ হন, তা হলে তাঁকে নিয়ে হাসপাতালে যাওয়া হল না কেন?’’
পান্নালালবাবুর মোবাইলটিও পাওয়া যায়নি বলে তিনি জানান। তাঁর কথায়, ‘‘দাদার শরীরে আঘাতের চিহ্নও মিলেছে। প্রকৃত তদন্ত করুক পুলিশ।’’