নাবালিকার বিয়ে আটকাল প্রশাসন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কুলতলির নলগোড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গ্রামের একটি বাড়িতে বছর পনেরোর এক নাবালিকার বিয়ের আসর বসেছিল। রাত সাড়ে ৮টা নাগাদ জয়নগর ২-এর বিডিও পুলিশ নিয়ে ওই বিয়ে বাড়িতে হাজির হওয়ায় থতমত খেয়ে যায় সকলেই। মথুরাপুরের পূর্ব রানাঘাটা গ্রাম থেকে আসা বর ও বরযাত্রী আসর ছেড়ে দে ছুট। পরে বিডিও ওই নাবালিকার পরিবারের লোকজনকে বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেন। বিডিও নাজরিন বারি (আলি) বলেন, ‘‘নাবালিকার বিয়ের খবর পুলিশ জানতে পারে। তার পরে ওই নলগোড়া গ্রামে গিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছি। ওই নাবালিকা ও তার দিনমজুর বাবা কালিপদ মণ্ডলকে মঙ্গলবার আমার অফিসে ডেকে নাবালিকা বিয়ে দিলে কী কী সমস্যা হবে তা বুঝিয়েছি। তবে বর পক্ষের বিষয়ে কিছু জানতে পারিনি।’’