Advertisement
E-Paper

‘খোলসটা ব্যবহার করুন’, বাঘ-সিংহে আস্থাহীন কুণাল! বিশ্ব কচ্ছপ দিবসে গুরুত্ব দিলেন ‘প্রবীণদের অভিজ্ঞতা’য়

সমাজমাধ্যমে ওই পোস্টে কোথাও তৃণমূলের নাম লেখেননি কুণাল। সরাসরি, রাজনীতির কথাও বলেননি। এমনকি, কাদের উদ্দেশে তাঁর ‘পরামর্শ’ তা-ও উল্লেখ করেননি। কিন্তু অনেকেই মনে করছেন, তাঁর মন্তব্য ইঙ্গিতপূর্ণ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৯:৫০
An allusive social media post by TMC MLA Kunal Ghosh on World Turtle Day

কুণাল ঘোষের সেই সমাজমাধ্যম পোস্ট। ছবি: সংগৃহীত।

ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান পুনর্নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করার পরেই গত মঙ্গলবার দলীয় বিধায়কদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে সরব হয়েছিলেন তিনি। প্রশ্ন তুলেছিলেন বহুচর্চিত ডায়মন্ড হারবার মডেলের কার্যকারিতা নিয়ে। ‘বিশ্ব কচ্ছপ দিবস’কে হাতিয়ার করে বিধায়ক কুণাল ঘোষ ‘অভিজ্ঞদের’ দেখে শেখার বার্তা দিলেন এ বার। প্রশ্ন তুললেন নতুন প্রজন্মের জ্ঞান নিয়ে। ঘটনাচক্রে, ফলতায় ভোটগণনার ঠিক আগের দিনেই!

শনিবার সকালে সমাজমাধ্যম-পোস্টে কুণাল লেখেন, ‘‘আজ ২৩ মে, বিশ্ব কচ্ছপ দিবস। কচ্ছপদের ভাল রাখুন। ওরা দীর্ঘ দিন বাঁচে, অনেক বয়স পর্যন্ত। তারা যত দিন বাঁচবে, সিনিয়রিটিকে সম্মান দিয়ে চলুন। তাদের দেখে শিখুন। খোলসটা ব্যবহার করুন। ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন। খোলসের ভেতর থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন।’’ এর পরেই বেলেঘাটার বিধায়কের ‘পরামর্শ’, ‘‘বাইরের ঝামেলা একটু কমলে খোলস থেকে বেরোন। আগে মুখ বাড়িয়ে দেখে নিন কোন দিকে হাঁটবেন। তার পর সুবিধামতো চলুন।” তিনি আরও লেখেন, “বাঘ, সিংহদের বয়স কম। ওরা অতটা জানে না। যা শেখার কচ্ছপদের মতো সিনিয়র, অভিজ্ঞদের থেকে শিখুন। দিকে দিকে কচ্ছপ দিবস পালন করুন। কচ্ছপদের সংরক্ষিত রাখুন।”

সমাজমাধ্যমে ওই পোস্টে কোথাও তৃণমূলের নাম লেখেননি কুণাল। সরাসরি, রাজনীতির কথাও বলেননি। এমনকি, কাদের উদ্দেশে তাঁর ‘পরামর্শ’ তা-ও উল্লেখ করেননি। কিন্তু তৃণমূলের অনেকেই মনে করছেন, তাঁর মন্তব্য ইঙ্গিতপূর্ণ। ‘সিনিয়র, অভিজ্ঞদের থেকে শিখুন’ মন্তব্য করে আদতে অভিষেকের জমানায় দলের অন্দরে কোণঠাসা হয়ে পড়া প্রবীণ তৃণমূল নেতাদের কথা মনে করিয়ে দিতে চেয়েছেন তিনি। ‘বাঘ-সিংহ’ প্রসঙ্গ টেনে খোঁচা দিতে চেয়েছেন, ক্যামাক স্ট্রিটের দাপটকে। একদা তৃণমূলে পুরনো নেতাদের সম্মানের প্রশ্ন প্রকাশ্যে তুলেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কুণালের পোস্ট প্রসঙ্গে কল্যাণের ‘তাৎপর্যপূর্ণ’ মন্তব্য— ‘‘অভিজ্ঞতা আছে সব কিছু দেখার। ভাল-মন্দ সব কিছু দেখেছি। তাই সহজে ভেঙে পড়ি না।’’

দলের আর এক প্রবীণ নেতা, বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় অবশ্য এ বিষয়ে বিতর্কে জড়াতে নারাজ। শনিবার তিনি বলেন, ‘‘আমি ওই পোস্ট প্রসঙ্গে কিছু বলতে পারব না। কুণাল যখন ওই ধরনের পোস্ট করেছেন, তখন পোস্ট কেন করেছেন তা তিনিই বলতে পারবেন।”

কুণাল এ প্রসঙ্গে বলেন, ‘‘আমি জীব-জন্তু ভালবাসি। বিশ্ব কচ্ছপ দিবসে পোস্ট করেছি আমি। যাঁর যা ইচ্ছা মানে করে নিতে পারেন।’’

TMC MLA Kunal Ghosh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy