পরীক্ষার ক’টা দিন মোবাইল থেকে দূরে থাকতে বলেছিলেন মা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মেয়েকে বকাবকি করেছিলেন। তার পরেই আত্মহত্যা করলেন মেয়ে। পূর্ব বর্ধমানের মেমারির ঘটনা।
মৃত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নাম রুকসানা খাতুন। ১৯ বছরের তরুণীকে শনিবার সকালে তাঁর ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবার। খবর পেয়ে পুলিশ যায় বাড়িতে। প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, মনে করা হচ্ছে আত্মহত্যা করেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বাড়ির লোকজন বলছেন, মোবাইল ব্যবহার করা নিয়ে মায়ের কাছে বকুনি খেয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঘরে আত্মহত্যা করেন রুকসানা।
মৃতার বাড়ি মেমারির তাতারপুরে। পরিবারের লোকজন। তাঁকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার দুপুরে পুলিশ ময়নাতদন্তের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ পাঠিয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে।
আরও পড়ুন:
মৃতার দাদা মহিউদ্দিন মণ্ডল বলেন, ‘‘উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও স্বাভাবিক ভাবে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছিল রুকসনা। তবে বাড়ি ফেরার পর মোবাইল ঘাঁটছিল। মা পড়াশোনায় মন দিতে বলে। তার পরে মনমরা হয়ে ছিল ও। ‘ভাল লাগছে না, একটু বিশ্রাম নেব’ বলে ঘরে চলে যায়। সকালে ঘরে ঢুকে ওকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি।’’
পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।