Advertisement
E-Paper

হঠাৎ জোরালো হাওয়া, পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় ইসিএলের কয়লাখনিতে ধস! মৃত এক কর্মী, আহত অনেকে, চলছে উদ্ধারকাজ

দুর্ঘটনায় আহত এক শ্রমিক বলেন, ‘‘কয়লাখনির ভিতরে আচমকা জোরালো একটা হাওয়ার সৃষ্টি হয়। ভমিকম্পের মতো কাঁপতে থাকে। সেই জোরালো হাওয়ায় সব শ্রমিককে উড়িয়ে দেয়।’’

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৩:৩১
খনি থেকে উদ্ধার করা হচ্ছে শ্রমিকদের। নিজস্ব চিত্র।

খনি থেকে উদ্ধার করা হচ্ছে শ্রমিকদের। নিজস্ব চিত্র।

পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় কুনুস্তরিয়া এলাকার পরাশিয়ায় ইসিএলের কয়লাখনিতে বৃহস্পতিবার আচমকাই ধস নামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আহত হয়েছিলেন ২০-২৫ জন কর্মী। এক জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কয়লাখনিতে ধস নামতেই হুলস্থুল পড়ে যায়।

জানা গিয়েছে, কুনুস্তরিয়া এলাকার পরাশিয়া কোলিয়ারির এই ভূগর্ভস্থ খনিতে ফার্স্ট শিফ্টে খনি কর্মীরা যখন কয়লাখনির ভিতরে ২৭ নম্বর সেকশনে কাজ করছিলেন সেই সময় খনির একটি স্তর থেকে আচমকাই এয়ার ব্লাস্ট হয়। অর্থাৎ খনির ভিতরে জোরালো হাওয়ার সৃষ্টি হয়েছিল। তার ফলে মুহূর্তে চার দিকে ছিটকে পড়েন খনির ভিতরে কর্মরত শ্রমিকেরা। কী হয়েছে বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে ধস নেমে আসে।

এই ঘটনার পর পরই খনির উপরে থাকা খনি আধিকারিকেরা আহত সকল শ্রমিককে উদ্ধারের জন্য তৎপর হন। বেশির ভাগ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সকলকেই উদ্ধার করে রানিগঞ্জের বাঁশরার হাসপাতাল এবং ইসিএলের অন্য হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটল কেনই বা ঘটল, কার দোষেই বা এই ঘটনা ঘটেছে সে সকল বিষয় নিয়ে তদন্ত শুরু করেছেন কোলিয়ারি কর্তৃপক্ষ। শ্রমিক সংগঠনের দাবি, খনি কর্তৃপক্ষর উদাসীনতা ও সঠিক ভাবে নজরদারি না করার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে।

দুর্ঘটনায় আহত এক শ্রমিক বলেন, ‘‘কয়লাখনির ভিতরে আচমকা তীব্র হাওয়ার সৃষ্টি হয়। ভমিকম্পের মতো কাঁপতে থাকে। সেই জোরালো হাওয়ায় সব শ্রমিককে উড়িয়ে দেয়। সকলে ছিটকে পড়েন। কী ভাবে এটা হল বুঝতে পারছি না।’’

Jamuria
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy