স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর নিয়োগ পরীক্ষায় ২৪টি প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ ওঠে। সেই প্রশ্ন ভুল কি না, খতিয়ে দেখার জন্য আর্জি জানানো প্রার্থীদের থেকে কত টাকা নেওয়া হয়েছে, সোমবার তা জানতে চাইল কলকাতা হাই কোর্ট। প্রশ্ন ভুল প্রমাণিত হওয়ার পরে প্রার্থীদের কত টাকা ফেরত দেওয়া হয়েছে, সেই প্রশ্নও তুলেছে আদালত।
সোমবার বিচারপতি অমৃতা সিংহ জানতে চান, প্রশ্ন ভুল নিয়ে এসএসসি প্রার্থীদের থেকে কত টাকা তুলেছে? আর শর্ত অনুযায়ী, প্রশ্নে ভুল প্রমাণিত হওয়ার পরে প্রার্থীদের কত টাকা ফেরত দেওয়া হয়েছে? শেষপর্যন্ত কত প্রশ্ন ভুল প্রমাণিত হয়েছে? এই সংক্রান্ত বিষয়ে কতকগুলি অভিযোগ জমা হয়েছে? হাই কোর্টের নির্দেশ, আগামী চার সপ্তাহের মধ্যে এসএসসি-কে আদালতের ওই সব প্রশ্নের উত্তর দিতে হবে। হাই কোর্টের পর্যবেক্ষণ, আইনেই যদি না থাকে, তা হলে কিসের ভিত্তিতে প্রার্থীদের থেকে টাকা নেওয়া হয়েছে। তা জানাতে বলেছে এসএসসি-কে।
এসএসসির দ্বিতীয় এসএলএসটি পরীক্ষায় ২৪টি প্রশ্ন ভুল রয়েছে বলে অভিযোগ। তার ভিত্তিতে হাই কোর্টে মামলা দায়ের করেন চন্দন ধর-সহ পরীক্ষার্থীদের একাংশ। তাঁদের বক্তব্য, আপত্তি জানাতে পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশ্ন প্রতি ১০০ টাকা করে নিয়েছে এসএসসি। অথচ আইনে এমন টাকা নেওয়ার কোনও বিধান নেই।
মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিমের সওয়াল, উত্তরপত্র দেখার ক্ষেত্রে কোনও পরীক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়। আইনে কোথাও বলা নেই যে, প্রশ্নের ভুল নিয়ে আপত্তি জানালেও টাকা দিতে হবে। আসলে পরীক্ষার্থীদের অধিকার খর্ব করার জন্যই এমন পদক্ষেপ করেছে এসএসসি। সোমবার হাই কোর্টের পর্যবেক্ষণ, আইনে না থাকলে কিসের ভিত্তিতে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নিচ্ছে এসএসসি? এই বিষয়ে এসএসসিকে জবাব দিতে হবে।