আসন্ন বিধানসভা ভোটে রাজ্যের ২৯৪টি কেন্দ্রে দল একা লড়বে বলে মৌখিক ভাবে বার বার জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। যদিও এই বিষয়ে দলের চূড়ান্ত অবস্থান এখনও ঠিক হয়নি। কংগ্রেসের সিদ্ধান্ত নিতে ‘বিলম্বে’র অভিযোগ তুলে নানা শিবির লাগাতার প্রশ্ন তুলছে। এই আবহে শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দীর্ঘ বিবৃতি দিয়ে জানালেন, ‘তাড়াহুড়ো’ করে সিদ্ধান্ত হবে না।
সাংগঠনিক প্রক্রিয়ার কথা বলে প্রদেশ সভাপতি এ দিন ব্যাখ্যা দিয়েছেন, ‘বুথ স্তর থেকে সর্বোচ্চ কমিটি পর্যন্ত সব স্তরের পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি পরামর্শ মূল্যায়ন করা হচ্ছে।’ তাঁর সংযোজন, ‘নীতির প্রশ্নে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আলোচনা প্রক্রিয়া মানে ‘দ্বিধা’ নয়।’ সূত্রের খবর, আগামী সপ্তাহে রাজ্যে ভোট সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য এআইসিসি-র সঙ্গে প্রদেশ নেতৃত্বের বৈঠক হওয়ার কথা।
প্রসঙ্গত, জোট বা আসন সমঝোতা সংক্রান্ত প্রশ্নে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ‘দ্বিধা ও বিলম্ব’ নিয়ে মন্তব্য করেছিলেন। একই বিষয়ে এখনও কংগ্রেসের সাড়া মেলেনি বলে দাবি করেছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকীও। সেলিমের বক্তব্যের প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্রেরা পাল্টা বিভিন্ন মন্তব্য করেছেন। যদিও প্রদেশ সভাপতির লিখিত বিবৃতিতে দাবি করা হয়েছে, কংগ্রেস ‘কাদা ছোড়াছুড়ি’তে বিশ্বাস করে না। সেই সঙ্গেই তাঁদের লড়াই বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি ও তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে বলেও মন্তব্য করেছেন শুভঙ্কর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)