Advertisement
E-Paper

দক্ষিণবঙ্গে আরও বাড়বে তাপমাত্রা! তবে সাত জেলায় রবিবারও কালবৈশাখীর পূর্বাভাস, উত্তরবঙ্গে চলবে ঝড়বৃষ্টি

উত্তরবঙ্গে আগামী সাত দিন তাপমাত্রার হেরফের হবে না। রবিবার আট জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৮:৩৬
দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম।

দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম। — ফাইল চিত্র।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম। সেই সঙ্গে বাড়বে অস্বস্তিও। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী চার দিন লাফিয়ে লাফিয়ে বাড়বে তাপমাত্রা। তবে রবি এবং সোমবার দক্ষিণবঙ্গের কয়েক জেলায় কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির পাশাপাশি, ঝোড়ো হাওয়া বইতে পারে ওই জেলাগুলিতে। উত্তরবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সেখানে তাপমাত্রার হেরফের হবে না।

হাওয়া অফিস বলছে, শুষ্ক উত্তর-পশ্চিমি বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে গরম বাড়বে। আগামী চার দিন তাপমাত্রা বাড়বে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। তার পরে তিন দিন তাপমাত্রার হেরফের হবে না। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় রবিবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে গরমের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী শুক্রবার পর্যন্ত ওই জেলাগুলিতে ভ্যাপসা গরমের সতর্কতা রয়েছে। পাশাপাশি, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে সোমবারও। কলকাতায় আপাতত কালবৈশাখীর সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে আগামী সাত দিন তাপমাত্রার হেরফের হবে না। রবিবার আট জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পাশাপাশি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। বাকি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে সোমবারও ঝড়বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে। তবে জেলার সর্বত্র বৃষ্টি হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy