রেল স্টেশনের উপর প্রকাশ্যে খুন। এক ব্যক্তিকে ধারালো ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল দক্ষিণ-পূর্ব রেলের মৌরিগ্রাম স্টেশনে। মঙ্গবার দুপুরে ঘটনাটি ঘটে মৌরিগ্রাম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে।
স্থানীয় সূত্রে খবর, এক নম্বর প্ল্যাটফর্মে শৌচাগারের সামনে মঙ্গলবার দুপুরে আচমকা এক ব্যক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন অন্য এক ব্যক্তি। কাছে থাকা ধারালো ছুরি দিয়ে কোপাতে শুরু করেন। এলোপাথাড়ি ছুরির কোপে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। কিছু ক্ষণ পরেই মৃত্যু হয় তাঁর। আকস্মিক এই আক্রমণের ঘটনায় সাময়িক ভাবে আতঙ্কিত হয়ে পড়েন প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা। তবে অভিযুক্ত পালানোর চেষ্টা করতেই যাত্রীরা তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন। তাঁকে মারধরেরও অভিযোগ ওঠে।
নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে এই ঘটনার খবর পৌঁছোতেই তৎপর হয় পুলিশ। জনরোষের হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে আটক করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় খুনের অস্ত্রটিও। পরে থানায় নিয়ে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের প্রাথমিক অনুমান, শৌচাগারের কাজ নিয়ে অশান্তির জেরে খুনের ঘটনা হয়ে থাকতে পারে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, মৃতের নাম সঞ্জয় গিরি। এক নম্বর প্ল্যাটফর্মে শৌচাগারের ঠিকাদারের কাজ নিয়ে তাঁর সঙ্গে বিবাদ ছিল রাজু নামে এক যুবকের সঙ্গে। দিন কয়েক আগে রাজুকে সরিয়ে ওই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল সঞ্জয়কে। অনুমান, সেই কারণে অশান্তির সূত্রপাত। মঙ্গলবার রাজুই হামলা চালান সঞ্জয়ের উপর। পুলিশ রাজুকে গ্রেফতার করেছে। নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।