Advertisement
E-Paper

শংসাপত্র পেলেন আট হকার, ধাপে ধাপে আরও ৮,৭২৫ জনকে সার্টিফিকেট দেওয়া হবে কলকাতা পুরসভার তরফে

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের সমীক্ষায় তালিকাভুক্ত মোট ৮,৭৩৩ জন হকারকে পর্যায়ক্রমে ‘সার্টিফিকেট অব ভেন্ডিং’ (সিওভি) প্রদান করা হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৭
8 hawkers get certificates, KMC will issue them to 8,733 people in stages

বৃহস্পতিবার হকারদের হাতে শংসাপত্র তুলে দিচ্ছেন দেবাশিস কুমার। —নিজস্ব চিত্র।

হকারদের স্বীকৃতি ও সুরক্ষার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কলকাতা পুরসভা (কেএমসি)। বৃহস্পতিবার পুরসভা ভবনের সেন্ট্রাল কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে আট জন হকারের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মেয়র পারিষদ (উদ্যান ও পার্কিং) দেবাশিস কুমার, মেয়র পারিষদ (বস্তি) স্বপন সমাদ্দার, টাউন ভেন্ডিং কমিটির (টিভিসি) সদস্যেরা।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের সমীক্ষায় তালিকাভুক্ত মোট ৮,৭৩৩ জন হকারকে পর্যায়ক্রমে ‘সার্টিফিকেট অব ভেন্ডিং’ (সিওভি) প্রদান করা হবে। সেই প্রক্রিয়ার সূচনা হিসেবে প্রথম দফায় হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির অন্তর্ভুক্ত আটজনকে শংসাপত্র দেওয়া হল। পুরসভার দাবি, বৈধ শংসাপত্র হাতে পেলে হকাররা আইনসম্মতভাবে ব্যবসা পরিচালনার অধিকার পাবেন এবং পুনর্বাসন ও অন্যান্য সুবিধা গ্রহণেও সুবিধা হবে। আগামী দিনে বাকি হকারদের মধ্যেও ধাপে ধাপে এই শংসাপত্র বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা ভোটের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুষ্ঠু হকার নীতি তৈরি করতে উদ্যোগী হন। নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠক করে কলকাতা শহরে সুষ্ঠু হকার নীতি চালু করতে নির্দেশ দিয়েছিলেন। তার পরেই সমীক্ষা করে শ‌ংসাপত্র দেওয়ার কাজ শুরু করল পুরসভা। নতুন শংসাপত্রে থাকবে কিউআর কোড। যাতে পুরসভা সহজেই কোন হকার কোথায় বেচাকেনা করছেন তা জানতে পারে। এই শংসাপত্র যাতে কোনও ভাবেই হাতবদল না-হয় সেই বিষয়টিও নিশ্চিত হবে।

টাউন ভেন্ডিং কমিটির সদস্য তথা জয়েন্ট হকার অ্যাকশন কমিটির নেতা অসিত সাহা বলেন, ‘‘আমরা কলকাতা পুরসভাকে সব রকম সহযোগিতা করতে রাজি। কিন্তু কলকাতা পুরসভাও যেন হকারদের স্বার্থ সুরক্ষা করতে বদ্ধপরিকর হয়। আমরা খুশি যে, হকারদের জন্য পাকাপাকি ভাবে শংসাপত্র দিতে কলকাতা পুরসভা উদ্যোগী হয়েছে।’’

Street hawkers Bengal Hawkers Association Hawkers eviction KMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy