E-Paper

স্কুটার থেকে পড়ে ট্রাকে পিষ্ট কিশোর

পুলিশ সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শায়ানের মাথায় হেলমেট ছিল না। ক্যানাল ওয়েস্ট রোডে পথে থাকা বালিতে দ্রুত গতির স্কুটারটি পিছলে গিয়ে উল্টে যায়। তিন বন্ধু রাস্তায় ছিটকে পড়ে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ০৮:৫৫

— প্রতীকী চিত্র।

রাতের কলকাতায় স্কুটার নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল কিশোর। মাঝপথে রাস্তার ধারে মজুত করে রাখা বালিতে পিছলে যায় স্কুটারের চাকা। তিন জন ছিটকে পড়ে। সেই সময়ে উল্টো দিক আসা একটি পণ্যবাহী ট্রাক পিষে দেয় বাইকচালক কিশোরকে। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নারকেলডাঙা থানা এলাকার ক্যানাল ওয়েস্ট রোডে। মৃত নাবালকের নাম মহম্মদ শায়ান (১৩)। তার বাড়ি এন্টালি থানার তাঁতিবাগান রোডে।

পুলিশ সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শায়ানের মাথায় হেলমেট ছিল না। ক্যানাল ওয়েস্ট রোডে পথে থাকা বালিতে দ্রুত গতির স্কুটারটি পিছলে গিয়ে উল্টে যায়। তিন বন্ধু রাস্তায় ছিটকে পড়ে। সেই সময়ে উল্টো দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকটি শায়ানের শরীরের উপর দিয়ে চলে যায়। তাকে উদ্ধার করে এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। শায়ানের দুই বন্ধুরও সামান্য আঘাত লেগেছে। পুলিশ পণ্যবাহী গাড়িটি আটক করলেও চালক পলাতক। তদন্ত শুরু করেছে লালবাজারের ফেটাল স্কোয়াড।

শুক্রবার শায়ানের তাঁতিবাগান রোডের বাড়িতে গিয়ে কারও দেখা মেলেনি। পরে স্যর সৈয়দ আহমেদ রোডের আর একটি ঠিকানায় গিয়ে তার বাড়ির লোকের দেখা মেলে। শায়ানের পরিজনেরা জানান, তার বাবা-মা কথা বলার পরিস্থিতিতে নেই। শায়ানের মামা সাবির আকলাখ শুধু বলেন, ‘‘অষ্টম শ্রেণিতে পড়ত ভাগ্নে। কাল রাতে বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরিয়েই সব শেষ।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Road Accident Accidental Death

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy