পাহাড়ি রাস্তায় এঁকেবেঁকে যাচ্ছিল যাত্রিবোঝাই বাস। হঠাৎ মাঝরাস্তায় বাসের সামনে এসে উৎপাত করতে শুরু করে দিল বাঁদরের দল। শত চেষ্টা করেও বাসচালক এবং কন্ডাক্টর মিলে সেই বাঁদরগুলিকে রাস্তা থেকে সরাতে পারলেন না। বাধ্য হয়ে রাস্তায় নেমে পড়লেন বাসের যাত্রীরাও। কিছু ক্ষণ পর সকলে বুঝতে পারলেন যে, বাঁদরগুলির তৃষ্ণায় প্রাণ ফেটে যাচ্ছে। তাই কেউ পাইপ লাগিয়ে, কেউ আবার জলের বোতল দিয়ে বাঁদরের দলের তৃষ্ণা নিবারণের চেষ্টা করতে লাগলেন। জল পান করেই বাসের সামনে থেকে সরে পড়ল তারা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘মহাভয়েসঅফিসিয়াল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একদল বাঁদর মাঝরাস্তায় একটি বাস আটকে দিয়েছে। বাসটির চারদিকে ঘিরে রাস্তায় বসে রয়েছে তারা। বাসের চালক থেকে শুরু করে যাত্রীরা সেই বাঁদরগুলিকে জলের বোতল দিচ্ছেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি বৃহস্পতিবার মহারাষ্ট্রের খান্ডালা ঘাট এলাকায় ঘটেছে।
বাসটি ওয়াশিম থেকে পুসাদের দিকে যাচ্ছিল। সেই যাত্রাপথে বাসটিকে ঘিরে ধরে বাঁদরগুলি। প্রথমে রাস্তা থেকে বাঁদরের দলকে সরানোর চেষ্টা করা হলেও পরে সকলে বুঝতে পারেন যে, বাঁদরগুলি তৃষ্ণার্ত। জলের টানে রাস্তায় নেমে পড়েছে তারা। যাত্রীরা জলের বোতল বার করে দিতেই চারদিক থেকে আরও বাঁদর লাফিয়ে আসে। তৃষ্ণা মিটে যাওয়ার পর আবার বাস যাওয়ার পথ ছেড়ে দেয় তারা। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে সহানুভূতি প্রকাশ করেছেন নেটপাড়ার অনেকে। এক জন লিখেছেন, ‘‘এই গরমে খুবই কষ্ট পাচ্ছে ওরা। সত্যিই তো! যাত্রীরা যে তাদের জলের বোতল দিয়েছেন তা দেখে খুব ভাল লাগল।’’