সাউথ পয়েন্ট স্কুলের টাকা নয়ছয়ে অভিযুক্ত কৃষ্ণ দামানির ১৮ কোটি ৫০ লক্ষ টাকার সম্পত্তি ‘প্রাথমিক ভাবে বাজেয়াপ্ত’ (অ্যাটাচ) করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিবৃতিতে বলা হয়েছে, বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন (পিএমএলএ)-এ সংস্থার কলকাতা জ়োনাল অফিস এই পদক্ষেপ করেছে।
ইডির তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্ত কৃষ্ণ সাউথ পয়েন্ট এডুকেশন সোসাইটির অন্তত ২০ কোটি টাকার তছরুপকাণ্ডের সঙ্গে জড়িত বলে তদন্তে জানা গিয়েছে। এই মামলায় কলকাতা পুলিশের দায়ের করা এফআইআর-এর ভিত্তিতেই এই পদক্ষেপ বলেও জানিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ, নিজের সংস্থার লোককে স্কুলে নিয়োগ করতেন দামানি। কম কর্মী দিয়ে কাজ করিয়ে বেশি কর্মী দেখিয়ে স্কুলের টাকা আত্মসাৎ করতেন। সেই টাকা নিজের সংস্থা এবং ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে বেআইনি ভাবে পাচার করা হত।
আরও পড়ুন:
সাউথ পয়েন্ট স্কুলের প্রশাসক মণ্ডলীর (ট্রাস্টি বোর্ড) সদস্য কৃষ্ণ দামানির বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরুপ ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। কৃষ্ণের বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে ২০২৪ সালের গোড়ায় অভিযোগ দায়ের করেছিলেন স্কুল কর্তৃপক্ষ। তার ভিত্তিতেই তাঁকে ওই বছরের ফেব্রুয়ারি মাসে তাঁকে গ্রেফতার করেছিল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ২০২০ সালের এপ্রিল মাস থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত স্কুলের ১০ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। পরে এই মামলার বেআইনি আর্থিক লেনদেনের তদন্ত শুরু করে ইডি।