আবার মেট্রো বিভ্রাট। ব্যস্ত সময়ে কলকাতা মেট্রোর ব্লু লাইনে থমকে গেল পরিষেবা। স্টেশনে স্টেশনে পর পর দাঁড়িয়ে পড়ল ট্রেন। যাত্রীদের অভিযোগ, দীর্ঘ ক্ষণ স্টেশনে এসেও মেট্রো পাননি। অনেকের দাবি, মেট্রো স্টেশনে ঢুকলেও তা নির্দিষ্ট সময়ে ছাড়েনি গোলযোগের কারণে। এর ফলে ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের।
সকাল সাড়ে ১১টার পর মেট্রো সমস্যার সম্মুখীন হন যাত্রীরা। বেলা ১২টা নাগাদ গিরিশ পার্ক স্টেশনে দাঁড়িয়ে থাকা এক যাত্রী জানান, তিনি ১৫ মিনিট আগে স্টেশনে এসেছেন। কিন্তু তখনও পর্যন্ত কোনও মেট্রো আসেনি। কী কারণে বিভ্রাট, তা-ও ঘোষণা করা হয়নি মেট্রো কর্তৃপক্ষের তরফে। কী কারণে এই বিভ্রাট? যাত্রীদের একাংশ জানান, কিছু ক্ষণ পরে স্টেশনে স্টেশনে ঘোষণা করা হয়, গিরিশ পার্কে সিগন্যাল সমস্যার কারণে মেট্রো দেরিতে ছাড়ছে।
দমদম স্টেশন থেকে চাঁদনি চকে আসা এক যাত্রীর দাবি, তিনি বেলা ১২টা ০৫ মিনিটের মেট্রোয় ওঠেন। কিন্তু দমদম স্টেশনে নির্ধারিত সময়ের থেকে অন্তত পাঁচ মিনিট পর ছাড়ে। তবে গোটা পথটাই থমকে থমকে এসেছে। সব স্টেশনে মিনিট কয়েক করে দাঁড়িয়েছিল মেট্রোটি। তার আগে এবং পরের মেট্রোর যাত্রীদেরও অভিজ্ঞতা প্রায় একই। যাত্রীদের একাংশের অভিযোগ, ব্লু লাইন পরিষেবায় প্রায়ই কোনও না কোনও কারণে গন্ডগোল হয়।
আরও পড়ুন:
গত মাসখানেক ধরে কলকাতা মেট্রোয় একের পর এক বিভ্রাট দেখতে দেখতে যেন অভ্যস্ত হয়ে গিয়েছেন নিত্যযাত্রীরা। কখনও যান্ত্রিক সমস্যা, আবার কখনও সিগন্যাল গোলযোগ। এ ছাড়াও, কলকাতা মেট্রোর ব্লু লাইনে হামেশাই আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। বার বার তার জন্য পরিষেবা ব্যাহত হয়।