দিদি দেবযানীকে তিনি খুন করেননি, এ ব্যাপারে পুলিশ নিশ্চিত। তা সত্ত্বেও রবিনসন স্ট্রিটের কঙ্কাল-কাণ্ড থেকে রেহাই পাচ্ছেন না পার্থ দে। পুলিশের দাবি, ঘরের মধ্যে পচে যাওয়া মৃতদেহ থেকে এলাকায় জটিল রোগ ছড়াতে পারত। সেই কারণেই পার্থকে এই কাণ্ডে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে পার্থ দে-র বিরুদ্ধে চার্জশিটও জমা দিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, পার্থ দে-র বিরুদ্ধে তাঁর দিদি দেবযানীর মৃত্যুর কথা চেপে যাওয়ার অভিযোগও রয়েছে। সেই অভিযোগও চার্জশিটে দিয়েছেন তদন্তকারী অফিসার। তবে এই অভিযোগগুলি আইনের চোখে সবই লঘু গোত্রের। অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ সাজা হতে পারে ছ’মাস। লালবাজারের এক কর্তার কথায়, ‘‘কোনও ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দেওয়া পুলিশের কাজ। তিনি মানসিক ভাবে সুস্থ কি না, তা আদালতের বিচার্য বিষয়। তাই পুলিশ এ ক্ষেত্রে নিজের কাজ করেছে।’