Advertisement
E-Paper

ভাঙা ইটের বাড়ি তিন বছরে অট্টালিকা! কান্দিতে ডিসি শান্তনুর ‘প্রাসাদে’ থাকেন পুরসভার ভাইস চেয়ারম্যান বোন

কান্দি থানার জেমো এলাকায় শান্তনুর এই পৈতৃক ভিটেটি গত তিন বছর ধরে তিলে তিলে ‘প্রাসাদে’ পরিণত হতে দেখেছেন স্থানীয়েরা। তাঁদের দাবি, শান্তনু মাঝেমধ্যে ওই বাড়িতে যেতেন। বর্তমানে ওই বাড়িতে থাকেন তাঁর বোন তথা কান্দি পুরসভার ভাইস চেয়ারম্যান গৌরী সিংহ বিশ্বাস।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৫:৫২
Kolkata Police DC Shantanu Biswas\\\\\\\' luxurious house in Kandi

কান্দিতে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের বাড়ি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বছর তিন আগেও ছিল ভাঙাচোরা ছোট্ট ইটের বাড়ি। আর এখন সেখানে ধবধবে সাদা অট্টালিকা। বাড়িতে ঢোকার মুখে সিংহমূর্তি। একটু এগোলেই পেল্লায় কাঠের দরজা। মুর্শিদাবাদের কান্দিতে এই বাড়ি দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। স্থানীয়দের দাবি, প্রাসাদোপম এই বাড়িটি কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের। বর্তমানে তাঁর ঠিকানা ইডি হেফাজত। জমি দখল থেকে তোলাবাজি ইত্যাদি অভিযোগের তদন্তে দিন কয়েক আগে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

ঝা চকচকে বাড়িটি নাকি কান্দির অন্যতম ‘দর্শনীয়’ স্থান, দাবি স্থানীয়দের। আবার বাড়ির অন্দরমহলের আসবাবপত্র, সাজসজ্জার বর্ণনা চমকপ্রদ। স্থানীয়দের একাংশের দাবি, গোটা বাড়িটির মেঝেই ইটালীয় মার্বেল দিয়ে তৈরি। সিলিং থেকে ঝুলছে বড় বড় ঝাড়বাতি। এ ছাড়াও রয়েছে অনেকগুলি ঘর। থাকার বিলাসবহুল ব্যবস্থা। আসবাবপত্রের ক্ষেত্রেও আভিজাত্যের ছাপ রয়েছে। বসার ঘরে মখমলের রাজকীয় চেস্টারফিল্ড সোফা সেট, সূক্ষ্ম কারুকাজ করা দামি সেগুন এবং মেহগনি কাঠের আসবাব।

কান্দি থানার জেমো এলাকায় শান্তনুর এই পৈতৃক ভিটেটি গত তিন বছর ধরে তিলে তিলে ‘প্রাসাদে’ পরিণত হতে দেখেছেন স্থানীয়েরা। তাঁদের দাবি, শান্তনু মাঝেমধ্যে ওই পৈতৃক বাড়িতে আসতেন। তবে বর্তমানে ওই বাড়িতে থাকেন তাঁর বোন তথা কান্দি পুরসভার তৃণমূলের ভাইস চেয়ারম্যান গৌরী সিংহ বিশ্বাস। তবে এখন তিনি কোথায়, কেউ উত্তর দিতে পারছেন না। বাড়ির বাইরের গেটে তালা ঝুলছে। ফোন করেও উত্তর মেলেনি।

কান্দির প্রবীণ গৃহশিক্ষক রূপায়ণ মণ্ডল জানান, তিন-চার বছরের মধ্যে হঠাৎ করে এই প্রাসাদ গড়ে উঠেছে। তাঁর দাবি, কী ভাবে বাড়ি তৈরি হল, কোথা থেকে অর্থ জোগাড় হল— তা নিয়ে ধন্দ রয়েই গেছে। শান্তনুর এই সম্পত্তি নিয়ে সুর চ়়ড়িয়েছে বিজেপি। কান্দির বিজেপি নেত্রী বিনীতা রায়ের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে প্রোমোটারদের থানায় তুলে এনে ভয় দেখানো এবং তোলাবাজির টাকাতেই এই প্রাসাদ তৈরি হয়েছে। কার টাকা কার পকেটে ঢুকেছে, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়ার প্রয়োজন।

Kolkata Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy