যাত্রী তোলাকে কেন্দ্র করে অটো ও ছোট গাড়ির চালকদের বিবাদে জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকল। আর তার ফল ভুগতে হল সাধারণ যাত্রীদের। বুধবার সকালে কল্যাণী বাসস্ট্যান্ড এলাকার ঘটনা। অটো চালকদের অভিযোগ, যে রাস্তায় ছোট গাড়ি চলার কথা নয় সেই রাস্তা দিয়ে ছোট গাড়ি চালানো হচ্ছে। আর সেই কারণে অটোর যাত্রী কমে যাচ্ছে। অভিযোগ অস্বীকার করেছেন ওই ছোট গাড়ির চালকেরা। কল্যাণীর মহকুমাশাসক স্বপনকুমার কুণ্ডু বলেন, ‘‘গাড়ি চালকদের মধ্যে একটা সমস্যা হয়েছিল। পরে তা মিটেও যায়। বৃহস্পতিবার ওঁদের নিয়ে সভা ডাকা হয়েছে। সকলের কথা শুনে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।’’