Advertisement
E-Paper

মান্নানকে তোপ প্রদেশ সভাপতির

মুর্শিদাবাদে অধীর চৌধুরী বনাম মান্নান হোসেনের রাজনৈতিক তরজা চলছেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৫ ০২:৫৫

মুর্শিদাবাদে অধীর চৌধুরী বনাম মান্নান হোসেনের রাজনৈতিক তরজা চলছেই।

দিন দু’য়েক আগে বহরমপুরের মোহনের মোড়ে দলীয় এক সমাবেশে জেলা তৃণমূলের সভাপতি মান্নান হোসেন অধীরকে সরাসরি ‘অন্ধকার জগতের অত্যাচারী নেতা’ হিসেবে অভিযোগ করেন। সে দিন তৃণমূল ছাত্র-যুব শাখার মিছিলে মান্নান বলেন, ‘‘এই মোহনের মোড়েই দলীয় কর্মী কামাল শেখকে কে খুন করেছিল, তা আপনারা জানেন।’’

বস্তুত তাঁর অভিযোগের তির ছিল অধীরে‌র দিকে। বুধবার ডোমকলের সভায় মান্নানকে পাল্টা আক্রমণ শানান অধীর চৌধুরী। এ দিন অধীর মান্নানের নাম না করে অধীর বলেন, ‘‘আপনাকে যে দল বড় করেছে, সন্মান দিয়েছে সেই দলকেই আপনি খুন করতে চাইছেন। কংগ্রেসের দৌলতে দু’বার সাংসদ হয়েছেন। আর একবার হেরে গিয়েই দলকে কাঠগড়ায় তুলে তৃণমূলে যোগ দিলেন।’’ এরপরেই অধীর অভিযোগ করেন, ‘‘আসলে সাংসদ পদ নেই, টাকাও নেই। বেকারদের চাকরি আর সরকারি কর্মীদের ভাল পদে বদলি করিয়ে দেওয়ার নাম করে টাকা উপার্জনের জন্যই আপনি তৃণমূলে গিয়েছেন।’’

এই দিনের সভায় প্রায় আধ ঘণ্টার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত প্রদেশ সভাপতির নিশানায় ছিলেন মান্নান। অধীরের দাবি, ‘‘এক সময় লোকসভা ভোটে টিকিট পাওয়ার জন্য মান্নান আমার কাছে দরবার করেছিল। আর এখন সেই মান্নান কংগ্রেসের বিরোধিতা করছে।’’

এ দিনের সভায় ডোমকলের এক সময়ের ব্লক তৃণমূল সভাপতি আমিরুল ইসলাম ও কয়েকজন শাগরেদ কংগ্রেসে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন অধীর চৌধুরী।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy