Advertisement
E-Paper

পাথর ছোড়ায় ইতি, ভূগোল পরীক্ষা মিটল শান্তিতেই

পরীক্ষার খাতা মিলতে না মিলতেই বাইরে থেকে নাম ধরে শুরু হয়ে যেত হাঁকডাক। পরীক্ষার খাতায় লেখা ছেড়ে জানলা দিয়ে উঁকি দিতেন পরীক্ষার্থীরা। মনোসংযোগে সেই ব্যাঘাত কাটিয়ে উঠতে না উঠতেই বাইরে থেকে উড়ে আসত ছোট মাটির টুকরোয় বাঁধা টুকলি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৭ ০১:৫৮

পরীক্ষার খাতা মিলতে না মিলতেই বাইরে থেকে নাম ধরে শুরু হয়ে যেত হাঁকডাক। পরীক্ষার খাতায় লেখা ছেড়ে জানলা দিয়ে উঁকি দিতেন পরীক্ষার্থীরা। মনোসংযোগে সেই ব্যাঘাত কাটিয়ে উঠতে না উঠতেই বাইরে থেকে উড়ে আসত ছোট মাটির টুকরোয় বাঁধা টুকলি।

মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন থেকেই এটাই যেন রেওয়াজ হয়ে উঠেছিল মালদহ জেলায় বেশ কিছু স্কুলে। তার জেরে রাজ্য শিক্ষা পর্ষদও তিতিবিরক্ত হয়ে ওঠে। তবে, মঙ্গলবার ভূগোল পরীক্ষায় ব্যতিক্রমী ছবি দেখা গেল টুকলিতে শিরোনামে উঠে আসা সেই স্কুলগুলোতেই। পরীক্ষাকেন্দ্রের বাইরে এ দিন তৎপর ছিল পুলিশ। ফলে স্বস্তিতে পরীক্ষা দিতে পেরে খুশি পরীক্ষার্থীরা ও তাঁদের অভিভাবকেরা। তাঁরা বলেন, ‘‘বাইরের হইচই, চিৎকারে মন দিয়ে পরীক্ষা দেওয়া যেত না। এ দিন অনেক শান্তি ভাবে পরীক্ষা দিতে পারলাম।’’ জেলার মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক সঞ্জয় বল বলেন, ‘‘আমরা প্রথম থেকেই বলছি, শান্তিপূর্ণ ভাবে জেলার স্কুলগুলোতে পরীক্ষা চলছে। এ দিনও খুব ভাল ভাবে পরীক্ষা হয়েছে।

মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন থেকেই জেলার কিছু স্কুলে টোকাটুকির অভিযোগ ওঠে। ইংরেজবাজারের শান্তাদেবীয়া হাই স্কুল, সাট্টারি হাই স্কুল, ভর্তিটারি, নিবেদিতা বালিকা বিদ্যালয়, রায়গ্রাম হাইস্কুল এবং মানিকচকের কালিন্দ্রী হাইস্কুল, মথুরাপুর হাই স্কুলে পরীক্ষার শুরুর দিন থেকে টুকলির ছবি দেখা যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই স্কুলগুলো নিয়ে ক্ষুব্ধ রাজ্য শিক্ষা পর্ষদ দফতরও। ওই স্কুলগুলোতে বাড়তি নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়।

Advertisement

তাই প্রতিটি স্কুলে একজন অফিসার সহ পাঁচ পুলিশ কর্মী এবং ছ’জন করে সিভিক ভলান্টিয়ার মোতায়ন করা হয়। এ ছাড়া ওই স্কুলগুলোর জন্য একটি মোবাইল ইউনিটও চালু করা হয়। পরীক্ষাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়। পুলিশের কড়াকড়িতে এ দিন শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা হয়েছে বলে দাবি শিক্ষা দফতর ও পুলিশের। পুলিশ প্রশাসনের উদ্যোগ খুশি পরীক্ষার্থী এবং অভিভাবকদের একাংশ। মানিকচকের কালিন্দ্রী হাইস্কুলে পরীক্ষার সিট পড়েছে এনায়েতপুর হাইস্কুল ও গোপালপুর হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের। এনায়েতপুর হাইস্কুলের ছাত্রী জাসমিনা খাতুন, আফসানা খাতুনেরা জানায়, পরীক্ষা শুরুর ছ’দিন পরে শান্তিপূর্ণ ভাবে খাতায় লিখতে পারলাম। অভিভাবকদের একাংশ বলেন, পুলিশ প্রথম থেকে এদিনের মতো নজরদারি চালালে ছেলে মেয়েরা শান্তি পূর্ণ ভাবে পরীক্ষা দিতে পারত। এনায়েতপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার বলেন, খুব সুষ্ট ভাবে পরীক্ষা ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে। আশা করছি বাকি পরীক্ষা গুলিও ভালো ভাবে হবে।

Geography Exam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy