Advertisement
E-Paper

ছোট্ট ছোট্ট পায়ে কৌশল পৌঁছে গেল সিঙ্গালিলায়

মেঘ, কুয়াশা সরিয়ে, ছোট ছোট পায়ে শিশির ভেজা ঘাস আর পাহাড়ি জঙ্গল ঘেরা দুর্গম পথ পেড়িয়ে ১৩,৫০০ ফিট উচ্চতায় সিঙ্গালিলা পাস পৌঁছে গেল রায়গঞ্জের কৌশল। মাত্র ছ’বছর বয়সে।

বিবেকানন্দ সরকার

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৫ ০১:৩৪
সিঙ্গালিলা ট্রেকে কৌশল।—নিজস্ব চিত্র।

সিঙ্গালিলা ট্রেকে কৌশল।—নিজস্ব চিত্র।

মেঘ, কুয়াশা সরিয়ে, ছোট ছোট পায়ে শিশির ভেজা ঘাস আর পাহাড়ি জঙ্গল ঘেরা দুর্গম পথ পেড়িয়ে ১৩,৫০০ ফিট উচ্চতায় সিঙ্গালিলা পাস পৌঁছে গেল রায়গঞ্জের কৌশল। মাত্র ছ’বছর বয়সে। এত কম বয়সে এই অভিজ্ঞতা অর্জনের পর কৌশলকে জেলার গর্ব বলে মনে করছে পর্বতারোহীরা।

রায়গঞ্জের সুদর্শনপুর এলাকার বাসিন্দা কৌশল ভট্টাচার্য একটি বেসরকারি স্কুলে ক্লাস ওয়ানের ছাত্র। ছোট থেকেই কৌশল তাঁর বাবা কৌশিক ভট্টাচার্যকে দেখে আসছে পাহাড় চড়তে। সেই সুযোগ যে তার কাছেও এত তাড়াতাড়ি এসে পড়বে সেরকম কোনও ধারণাই ছিলনা তার।

সম্প্রতি রায়গঞ্জ হিমালয়ান মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে কৌশল, তাঁর বাবা এবং আরও সাত জন পর্বতারোহির সঙ্গে একটি অ্যাডভেঞ্চার ক্যাম্পে অংশ নেয়। গন্তব্য ছিল শিঙ্গালিলা পাস। অক্টোবর মাসের ২৫ তারিখে রায়গঞ্জ থেকে রওনা হয় দলটি। প্রথমে গাড়ি করে পশ্চিম সিকিমে ৫৫০০ ফিট উচ্চতায় উত্তরেতে পৌঁছায় তারা। সেখান থেকে শুরু হয় হাঁটা পথে পাহাড় চড়া।

প্রথম দিন প্রায় ১২ কিলোমিটার পথ হেঁটে ৯৫০০ ফিট উঁচুতে আঁচাল নামে একটি জায়গায় রাত্রিবাস করে কৌশলরা। সেখানেই প্রথম টেন্ট ও স্লিপিং ব্যাগের ভেতরে রাত কাটায় ছ’ বছরের ছোট্ট কৌশল। নৈশভোজের মেনু ছিল শুকনো রুটি, বিস্কুট, কাজু। আগাগোড়া অভিযানে কৌশল বড়দের সঙ্গে তাল মিলিয়ে চলেছে বলেই জানিয়েছেন তার সঙ্গীরা। তাঁরাই বলেন, ‘‘রডোডেনড্রনের ঝোপঝাড়ের মধ্য দিয়ে গাছের শিকড় আঁকড়ে উপরের দিকে চড়তে গিয়ে প্রথমে খানিকটা কষ্ট হলেও পরের দিকে নিজেকে সামলে নিয়েছিল ছোট্ট কৌশল।’’ আঁচাল থেকে কালিজার এর পথে বন্য প্রাণী যেমন চিতা বাঘের ভয় পেয়েছিল কৌশল। কিন্তু সবরকম ভয়, অসুবিধাকে ছাপিয়ে গিয়েছিল বরফের দেশে পৌঁছানোর অদম্য উৎসাহ। অবশেষে আঁচাল থেকে প্রায় ২৫ কিলোমিটার পথ হেঁটে ১৩,৫০০ ফিট উচ্চতায় সিঙ্গালিলা পাসে পৌছায় কৌশল।

মাত্র ছয় বছর বয়সেই পাহাড় চড়ার এরকম উৎসাহ দেখে যেমন আশ্চর্য্য হয়েছেন, তেমনই গর্ব বোধ করেছেন জেলার অন্যান্য পর্বতারোহীরা।

কৌশলের অন্যতম সঙ্গী পার্থ পাল জানিয়েছেন “পিঠে ব্যাগ নিয়ে এত দুর্গম পথ যে ভাবে পার করেছে যেন মনেই হয়নি ওর বয়স মাত্র ছয় বছর। ট্রেক করার সময় দু’ তিনটে জায়গায় অসুবিধে হয়েছিল ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি নিজেকে সামলেও নিয়েছিল কৌশল।’’

কৌশল এর বাবা কৌশিক ভট্টাচার্য্য জানিয়েছেন, এরপর ১৯০০০ ফুট উঁচু সিকিমের গোচালাতে ছেলেকে নিয়ে ট্রেক করার পরিকল্পনা রয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy